২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনবল এবং প্রস্তুতি ছাড়াই পেট্রোবাংলা মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্প বুঝে নিচ্ছে

খনি পরিচালনার জন্য দক্ষ জনবল এবং প্রস্তুতি ছাড়াই পেট্রোবাংলা আগামী মে মাসে ঠিকাদার প্রতিষ্ঠান ন্যামন্যামের কাছ থেকে মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্প বুঝে নিতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2006, 05:44 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

পেট্রোবাংলার একজন কর্মকর্তা দাবি করেছেন, বড়পুকুরিয়ার মতো এখানেও ব্যবস্থাপনা ঠিকাদার নিয়োগ ছাড়া খনি পরিচালনার কোনো সুযোগ নেই। কিন্তু এক বছর আগে উদ্যোগ নেয়ার পরও এ ব্যাপারে কোনো অগ্রগতি হয়নি।

বছরে ১ দশমিক ৬৫ মিলিনয় টন পাথর উত্তোলনের ক্ষমতা সম্পন্ন এই খনি উন্নয়নের কাজ এখন প্রায় শেষ পর্যায়ে।

প্রকল্পের একজন কর্মকর্তা দাবি করেন, এটি মে মাসে না হলেও জুন মাসে তাদের বুঝে নিতে হবে। বর্তমান অবস্থায় খনি বুঝে নেয়ার পর তা বন্ধ রাখা ছাড়া কোনো উপায় থাকবে না।

দেশের উত্তরাঞ্চলের ফুলবাড়িতে ১৯৭৪ সালে কঠিনশিলা আবিষ্কার হয়। উন্নয়নের উদ্যোগ নেয়া হয় ১৯৯৪ সালে।

মোট প্রকল্প ব্যয় ১৫২ মিলিয়ন মার্কিন ডলার ধরে উত্তর কোরিয়ার কোম্পানি ন্যামন্যামের সাথে সরকারের চুক্তি স্বাক্ষরিত হয়। খনি উন্নয়নের প্রকৃত কাজ শুরু হয় পরের বছর থেকে। চুক্তি অনুসারে ২০০১ সালে এর উন্নয়ন কাজ শেষ হওয়ার কথা ছিল।

অবশ্য কাজে বিলম্বের কারণে ন্যামন্যামকে প্রায় ১৬ শতাংশ হারে জরিমানা দিতে হবে। এতে এই প্রকল্পের ব্যয় ১৬ শতাংশ কমে যাবে।

খনির জীবনকাল ধরা হয়েছে ৫০ বছর।

চুক্তির আওতায় খনি উন্নয়নের পাশাপাশি এটি পরিচালনার জন্যে জনবল তৈরি করাও ছিল তাদের দায়িত্ব। চুক্তির আওতায় ন্যামন্যাম ১২ কর্মীকে কোরিয়া থেকে প্রশিক্ষিত করে আনে। তার মধ্যে ছয়জন এই প্রকল্প ছেড়ে চলে গেছে। স্থানীয়ভাবে আরো ৩০০ জনকে প্রশিক্ষিত করার কথা থাকলেও প্রথম ১০০ জনকে সঠিকভাবে প্রশিক্ষণ দেওয়া হয়। তাদের জন্যে ৯৪ জন খনি পরিচালনার সনদ পায়। পরের ২০০ জন যথাযথভাবে প্রশিক্ষণ শেষ করেনি।

কিন্তু প্রশিক্ষিত লোকবলকে এই প্রকল্পে চাকুরি দেওয়ার কথা থাকলেও তা করা হয়নি। সময়ের ব্যবধানে তারা হারিয়ে গেছে। ফলে এখন খনি পরিচালনার জন্যে পেট্রোবাংলার দক্ষ জনবল নেই।

এ অবস্থায় খনি পরিচালনার একমাত্র উপায় হচ্ছে ন্যামন্যামের সাথে সার্ভিস চুক্তি করে তাদের জনবল রেখে দিয়ে খনি পরিচালনা করা।

এ বিষয়টি বিবেচনায় রেখে মধ্যপাড়া কয়লা খনি প্রকল্প পেট্রোবাংলাকে ন্যামন্যামের ৬৫ জন দক্ষ জনবলসহ খনি পরিচালনা চুক্তি করার একটি প্রস্তাব দেয়। কিন্তু প্রায় এক বছরেও এর কোনো অগ্রগতি হয়নি।

সংশ্লিষ্টরা বলছেন, খনি বুঝে নেয়ার পর সার্ভিস চুক্তি করে খনি পরিচালনা করতে গেলে তখন মওকা বুঝে ন্যান্যাম বেশি পয়সা দাবি করতে পারে।

এ বিষয়ে জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বিডিনিউজকে বলেন, দক্ষ জনবল নেই তাই সার্ভিস কন্ট্রাক্ট দিতে হবে।

তিনি বলেন, আমি মনে করি না খনি বুঝে পাওয়ার পর এই কাজ করতে কোনো ধরনের সমস্যা হবে। কেননা এখনো তারা খনি পুরোপুরি প্রস্তুত করতে পারেনি।