২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উনসত্তুরের গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি রক্ষায় জাদুঘর হচ্ছে

উনসত্তুরের গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি রক্ষায় ঢাকার চানখারপুল এলাকায় জাদুঘর নির্মাণ করা হবে। ঢাকা সিটি কর্পোরেশন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এটি নির্মাণ করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2006, 07:30 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

আন্দোলনকালে শহীদ আসাদের গুলিবিদ্ধ হওয়ার স্থান হিসেবে ওই এলাকাকে জাদুঘর নির্মাণের এলাকা হিসেবে নির্বাচন করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে শনিবার দুপুর সাড়ে ১২টায় এক বৈঠকে সিটি কর্পোরেশন মেয়র সাদেক হোসেন খোকা উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজের সঙ্গে এক বৈঠকে এ তথ্য জানান।

মেয়র সাদেক হোসেন খোকা বলেন, ইতিহাস রক্ষায় এ জাদুঘর নির্মাণ করা হচ্ছে।

উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজ বলেন, জাদুঘর নির্মাণে ঢাবির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ--উপাচার্য অধ্যাপক আফম ইউসুফ হায়দার, কলা অনুষদের ডীন অধ্যাপক সদরুল আমিন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. হারুন অর রশীদ, প্রক্টর আকা ফিরোজ, কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল কালাম আজাদ, নির্মিতব্য জাদুঘরটির ডিজাইনার বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের অধ্যাপক ড.নিজামউদ্দিন আহমেদ প্রমুখ।

অধ্যাপক নিজামউদ্দিন আহমেদ বলেন, ১৯৬৯ সালের ছাত্র সংগ্রাম পরিষদের সকলের মতামত নিয়েই এই জাদুঘরটি তৈরি করা হচ্ছে।

জাদুঘরে গণঅভ্যুত্থানে শহীদ আসাদুজ্জামান আসাদ, শহীদ মতিউর রহমান, শহীদ সার্জেন্ট জহুরুল হক, শহীদ ডা. শামসুজ্জোহার স্মরণে চারটি ফলক থাকবে। এটি হবে চারতলা বিশিষ্ট। ৫০ ফুট উঁচু এ ভবনটির ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৯৭ লক্ষ টাকা।

প্রস্তাবিত নকশা অনুযায়ী, চারতলা বিশিষ্ট এ ভবনের নিচ দিয়ে গাড়ি যাতায়াত করবে। দ্বিতীয় তলায় জাদুঘর, তৃতীয় তলায় নিরাপত্তা ব্যবস্থা এবং চতুর্থ তলায় ক্যাফেটেরিয়া নির্মাণ করা হবে।

ঢাকা সিটি কর্পোরেশনের অর্থায়নে এটি নির্মাণ করা হবে।