২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাইকোর্টে ৫৪৮টি ডেথ রেফারেন্স মামলা নিষ্পত্তিতে বড় ধরনের জট লেগেছে

আগের একটির স্থলে চারটি ডিভিশন বেঞ্চ গঠন করার পরও সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ৫৪৮টি ডেথ রেফারেন্স মামলার বড় ধরনের জট লেগে আছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2006, 07:13 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

হাইকোর্ট গত দেড় মাসে নিু বা বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদন্ডের রায়ের মধ্যে মাত্র ১১টি মামলার রায় নিশ্চিত করতে পেরেছেন।

এটর্নি জেনারেল কার্যালয় সূত্রে জানা যায়, আপিল বিভাগে কমপক্ষে ৫০টি ডেথ রেফারেন্স মামলা চূড়ান্ত নিষ্পত্তির জন্য ঝুলে আছে।

সূত্র জানায়, ডেথ রেফারেন্স মামলার চূড়ান্ত নিষ্পত্তি মামলার শুনানির জন্য কাগজপত্র প্রস্তুত করার বিলম্বের কারণেই এগুলো ঝুলে রয়েছে। হাইকোর্ট বিভাগে বর্তমানে ২০০৩ সালের ডেথ রেফারেন্স মামলার শুনানি অনুষ্ঠিত হচ্ছে।

সূত্র জানায়, ২০০৩ সালের ১৬৬টি, ২০০৪ সালের ১৭৫টি, ২০০৫ সালের ১৭৭টি এবং ২০০৬ সালের ৩০টি ডেথ রেফারেন্স মামলা এখন চূড়ান্ত নিষ্পত্তির জন্য হাইকোর্টের সামণে রয়েছে।

ডেথ রেফারেন্সের ডেপুটি এটর্নি জেনারেল গোলাম কিবরিয়া বিডিনিউজকে বলেন, ডেথ রেফারেন্স মামলায় সরকারের আইন কর্মকর্তারা হাইকোর্টের কাছ থেকে শুনানির জন্য খুব কম সময় নেয়।

তিনি বলেন, ডেথ রেফারেন্স মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির জন্য সরকার সব ধরনের সহায়তা দিচ্ছে। অগ্রাধিকার ভিত্তিতে মামলাগুলোর নিষ্পত্তি হচ্ছে। আদালতে ডেথ রেফারেন্স মামলা পরিচালনা করার ক্ষেত্রে লজিসটিকস সহযোগিতার কোন অভাব নেই। কাগজপত্র প্রস্তুত হওয়ার পর দ্রুতগতিতে মামলার শুনানি অনুষ্ঠিত হয়। কিন্তু কাগজপত্র প্রস্তুত করতে গিয়ে বিলম্ব হওয়ার কারণে মামলাগুলোর নিষ্পত্তি করার ক্ষেত্রে সময় লাগছে।

গোলাম কিবরিয়া বলেন, ২০০৩ সালের ডেথ রেফারেন্স মামলার ৩০ শতাংশ ইতোমধ্যে হাইকোর্টে চূড়ান্ত নিষ্পত্তি হয়েছে।

তিনি বলেন, চলতি বছরে হাইকোর্টে ২০০৪ সালের দু’টি ডেথ রেফারেন্স মামলার নিষ্পত্তি হয়েছে। ২০০৩ সালের আগের সকল ডেথ রেফারেন্স মামলার নিষ্পত্তি হয়েছে। আর রাষ্ট্রের আইন কর্মকর্তা হিসেবে আমরা দ্রুততার সাথে মামলাগুলোর নিষ্পত্তির চেষ্টা চালিয়ে যাচ্ছি।

ডেথ রেফারেন্স মামলার নিষ্পত্তির জন্য হাইকোর্টে চারটি ডিভিশন বেঞ্চ রয়েছে। বেঞ্চগুলো হচ্ছে- বিচারপতি আলী আসগর খান ও বিচারপতি এমদাদুল হক, বিচারপতি সিকদার মকবুল হক ও বিচারপতি নির্মলেন্দু ধর, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি ফজলুর রহমান এবং বিচারপতি খন্দকার মুসা খালেদ ও বিচারপতি এমদাদুল হক আজাদ।

আদালত সূত্রে জানা যায়, চারটি ডিভিশন বেঞ্চেই ২০০৩ সালের ডেথ রেফারেন্স মামলাগুলোর শুনানি অনুষ্ঠিত হচ্ছে। হাইকোর্টের বিচারপতি আলী আসগর খান ও বিচারপতি এমদাদুল হকের বেঞ্চটি ২০০৪ সালের মামলাগুলোর শুনানিও গ্রহণ করছেন।

আগে সনাতনি টাইপরাইটার ব্যবহার করে কাগজপত্র প্রস্তুত করার কারণে ডেথ রেফারেন্স মামলার কাগজপত্র প্রস্তুত করার জন্য প্রচুর সময়ের প্রয়োজন হতো।

সূত্র জানায়, একটি মাত্র ডেথ রেফারেন্স মামলার কাগজপত্র প্রস্তুত করতে ছয় মাস থেকে এক বছর সময় লাগতো। পরিস্থিতি বিবেচনা করে সুপ্রিম কোর্ট তার রুল সংশোধন করেন এবং টাইপরাইটারের পরিবর্তে কম্পিউটার ব্যবহার করে কাগজপত্র প্রস্তুত করার নির্দেশ দেন। অতি সংক্ষিপ্ত সময়ে কাগজপত্র প্রস্তুত করার জন্য সরকারও প্রয়োজনীয় কম্পিউটার ও লোকবল সরবরাহ করে। তবে সরকারের সহযোগিতা ও সুপ্রিম কোর্টের সংশোধনী রুল সত্ত্বেও কাগজপত্র প্রস্তুত করতে প্রচুর সময় লাগছে।

ডেথ রেফারেন্স মামলার বিলম্বিত নিষ্পত্তি সম্পর্কিত এক প্রশ্নের জবাবে সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ সম্প্রতি বলেছেন, সরকার বিষয়টি পরীক্ষা করে দেখবে।