সন্দেহভাজন জেএমবি সদস্য দিনাজপুরের জামাত নেতা মজিদ ৩ দিনের রিমান্ডে
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব- ৫) সদস্যদের হাতে দিনাজপুর থেকে গ্রেপ্তারকৃত, সন্দেহভাজন জেএমবি সদস্য জামাত নেতা মজিদকে মঙ্গলবার তিনদিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
সূত্র জানায়, র্যাব- ৫ সদস্যরা সোমবার দিনাজপুরের স্টেশন রোড এলাকায় এক অভিযান চালিয়ে জেলা জামাতের রোকন এবং দিনাজপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক আজকের দিনাজপুরের প্রকাশক আব্দুল মজিদকে গ্রেপ্তার করে। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রংপুর থানায় পাঠানো হয়।
জিজ্ঞাসাবাদের পর র্যাব- ৫ এর উপসহকারী পরিচালক নূর মোহাম্মদ বাদী হয়ে দিনাজপুর কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন।
দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাকে ৫৪ ধারায় দিনাজপুর সদর আদালতে পাঠিয়ে দেয়।
ভারপ্রাপ্ত প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা মজিদের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
