পুলিশের বিরুদ্ধে নিহত কামালের বাড়ি থেকে লুটতরাজের অভিযোগ
দুর্বৃত্তদের হাতে নিহত সরকারি কর্মকর্তা ইব্রাহিম কামালের পরিবারের সদস্যরা মঙ্গলবার পুলিশের বিরুদ্ধে লুটতরাজসহ বেশকিছু অভিযোগ এনেছেন।
জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ইব্রাহিম কামালের বড় ভাই প্রকৌশলী আবুল কাশেম অভিযোগ করেন, পুলিশ ও গণপূর্ত অধিদপ্তরের কতিপয় অসৎ কর্মচারী তার ভাই পরিকল্পনা কমিশনের সিনিয়র সহকারী সচিব ইব্রাহিম কামালের বাসা থেকে মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
তিনি বলেন, ২০০৪ সালের ২১ নভেম্বর তার ভাই নিহত হওয়ার পর থেকে পুলিশ তার ভাইয়ের বেইলি রোডের বাসাটিতে তালা লাগিয়ে দেয়। মামলার নিস্পত্তির আগ পর্যন্ত ওই বাসা পুলিশের হেফাজতে থাকবে বলে নির্দেশ দেওয়া হয়।
তিনি অভিযোগ করেন, পুলিশ ও গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তা- কর্মচারীরা তার ভাইয়ের বাসা থেকে প্রায় ১৫ লাখ টাকার জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। এ ব্যাপারে মুখ্য মহানগর হাকিমের আদালতে একটি মামলা দাযের করা হয়েছে বলে তিনি জানান।
সংবাদ সম্মেলনে নিহতের স্ত্রী অধ্যাপিকা বিলকিস বানু, ভাগ্নি পরমা শিরিন ও অ্যাড. কামরুজ্জামান মাহবুবও উপস্থিত ছিলেন।
অপরদিকে ওসি রফিকের ভাড়া করা সন্ত্রাসীদের হাতে নিহত কামরুল ইসলাম মমিনের বাবা আব্দুর রাজ্জাক এক সংবাদ সম্মেলনে বলেন, সন্ত্রাসীরা তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিচ্ছে।
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (সিআরএবি) অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে আব্দুর রাজ্জাক বলেন, তার ছেলের খুনীদের অনেকেই জামিনে ছাড়া পেয়ে ঘুরে বেড়াচ্ছে।
তিনি সরকারের কাছে তার পরিবারের নিরাপত্তার দাবি জানান।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে নিহতের মা রহিমা খানম, বড় ভাই সাইফুল ইসলাম ও শামসুল ইসলাম উপস্থিত ছিলেন।
