২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরনো ঢাকায় পুলিশ ও ছাত্রদল ক্যাডারদের সঙ্গে সংঘর্ষে শতাধিক আ. লীগ নেতা-কর্মী আহত

রাজধানীর চকবাজার এলাকায় মঙ্গলবার বিকেলে পুলিশ ও ছাত্রদল ক্যাডারদের সাথে সংঘর্ষে শতাধিক আওয়ামী লীগ নেতা--কর্মী আহত হয়। এসময় গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2006, 07:53 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

পুলিশ আওয়ামী লীগ সমর্থকদের ওপর কয়েকশ’ রাউন্ড রাবার বুলেট ও একশ’রও বেশি টিয়ার শেল নিক্ষেপ করে। আওয়ামী লীগ কর্মী সমর্থকরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করলে ঘনবসতিপূর্ণ এ এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।

আহতদের মধ্যে ১২জনকে মিটফোর্ড হাসপাতাল ও আটজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা সকলেই বুলেটবিদ্ধ।

হাজী সেলিমের নেতৃত্বে বিরোধী দলের একটি মিছিল দুপুর আড়াইটার দিকে পল্টন অভিমুখে যাওয়ার সময় লালবাগের পোস্তা এলাকায় পুলিশ ও ছাত্রদল ক্যাডাররা এ হামলা চালায়।

এ ঘটনার প্রত্যক্ষদর্শী জুতা ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, পুলিশ শুধু আওয়ামী লীগ নেতা--কর্মীদের লক্ষ্য করে বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে।

পুলিশি হামলার প্রতিবাদে বিরোধী দলের কর্মীরা এ সময় তিনটি সিএনজি চালিত স্কুটার, দু’টি মোটরসাইকেল, একটি বাস এবং অন্যান্য যানবাহনে আগুন ধরিয়ে দেয়। বিক্ষুব্ধ নেতা--কর্মীরা পুলিশ এবং ছাত্রদলের ক্যাডারদের ওপর ইটপাটকেলও ছোঁড়ে।

ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা হাজী সেলিম অভিযোগ করেন, ক্ষমতাসীন দলের এমপি নাসিরউদ্দির আহমেদ পিন্টুর নেতৃত্বে সন্ত্রাসীরা পুলিশের সহযোগিতায় হামলা চালায়।

তিনি দাবি করেন, এ হামলায় কমপক্ষে ৩০০ নেতাকর্মী আহত হয়েছে এবং পুলিশ কমপক্ষে ৫০ জনকে গ্রেপ্তার করেছে। 

যুবলীগের মহাসমাবেশে যোগদানের উদ্দেশে পল্টন ময়দানে আসার পথে পুরনো ঢাকার বিভিন্ন স্থানে সরকারি দলের ক্যাডাররা অবস্থান নিয়ে আরো হামলা চালিয়েছে।

এছাড়া কেরণীগঞ্জে যুবদল ক্যাডারদের হামলায় বেশ কয়েকজন বিরোধী দলের নেতা--কর্মী আহত হয়েছে। 

এদিকে সংঘর্ষের সময় রিয়াজ নামের একজন কনস্টেবল ভুল করে তার শটগানের ট্রিগার চাপ দিলে সে পায়ে গুলিবিদ্ধ হয়।