চারুকলা থেকে পহেলা বৈশাখের র্যালিতে প্রতীক ব্যবহারে সাবধানতা অবলম্বনের হুমকি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউটের পরিচালককে একটি বেনামি চিঠিতে পহেলা বৈশাখ উদযাপনে বিভিন্ন প্রতীক ব্যবহারে সাবধানতা অবলম্বন করার হুমকি দেয়া হয়েছে।
তবে চারুকলার পরিচালক অধ্যাপক ড.ফরিদা জামান পহেলা বৈশাখের একদিন পর ১৫এপ্রিল চিঠিটি হাতে পান।
সোমবার শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের কাছে চিঠিটির বিষয়ে জানিয়ে ড. ফরিদা জামান প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি দেন। উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজকেও বিষয়টি অবহিত করেন তিনি।
প্রক্টর আকা ফিরোজ জানান, মঙ্গলবার এ ব্যাপারে রমনা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
চিঠিতে প্রেরক হিসেবে কারো নাম উল্লেখ করা হয়নি। চিঠির লেখার তারিখ ২ এপ্রিল। শুরু করা হয়েছে ‘বিসমিল্লাহির রহমানির রাহিম এ কথাটি লিখে’।
চিঠিতে বলা হয়, প্রতি বছর পহেলা বৈশাখে এই ইন্সটিটিউট থেকে যে বৈশাখী র্যালী বের হয় তাতে ভারতের জাতীয় পাখি ময়ুর এবং সাপের মাথায় চাঁদ তারা থাকে। এ বছর যদি পাখি বানাতে হয় তাহলে বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল বানাতে হবে এবং সাপের মাথায় চাঁদ তারা থাকতে পারবেনা। যদি থাকে তাহলে বোমা মেরে সব কিছু উড়িয়ে দেওয়া হবে।
এতে আরো বলা হয়, এ বছর কোন ক্রমেই ভারতের জাতীয় পাখি নামাতে দেওয়া হবেনা এবং সাপের মাথায় মুসলিম সিম্বল চাঁদ তারা আঁকতে দেওয়া হবেনা।
চিঠিতে আরো বলা হয়, আপনারা হয়তো চিঠি পাওয়ার পর চারুকলার নিরাপত্তা জোরদার করবেন এমনকি আমরা যারা বৈধ স্টুডেন্ট তারাও প্রবেশ করতে পারবোনা। এইসব না করে শুধু দুটি জিনিস থেকে বিরত থাকেন তাহলে কোন কিছু দরকার নাই। একটি বার সাহসী পদক্ষেপ নিন। দেশে সন্ত্রাস থাকবে না কথা দিচ্ছি।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আখতারুজ্জামান এ ব্যাপারে বলেন, চারুকলা ইন্সটিটিউিট প্রগতিশীল চর্চার কেন্দ্র। এটাকে নস্যাৎ করার জন্যই এ হুমকি দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, চিঠিতে চারুকলার র্যালী সম্বন্ধে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে তা দেখে মনে হয় বিশ্ববিদ্যালয় পরিবারেরই কেউ এ কাজ করেছে।
