২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাবার পানির গুনগত মান নির্ণয়ে কেন্দ্রীয় ল্যাবরেটরির উদ্বোধন

জাপান সরকারের সহযোগিতায় খাবার পানির গুনগত মান নির্ণয়ের লক্ষ্যে জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই) একটি কেন্দ্রীয় ল্যাবরেটরি স্থাপন করা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2006, 04:45 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া মঙ্গলবার ঢাকার মহাখালীতে মঙ্গলবার এ ল্যাবরেটরির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বাংলাদেশে খাবার পানির মান নির্ণয় ব্যবস্থাকে শক্তিশালী করার উদ্দেশ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়। তবে কেন্দ্রীয় ল্যাবরেটরিতে আর্সেনিকজনিত রোগ এবং এ সমস্ত রোগের প্রাদুর্ভাব কমাতে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হবে।

সারা দেশে স্থাপিত দশটি ল্যাবরেটরির কার্যক্রম পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণের দায়িত্ব এখন থেকে কেন্দ্রীয় ল্যাবরেটরি পালন করবে।

অনুষ্ঠানে মান্নান ভূঁইয়া বাংলাদেশে জনস্বাস্থ্য খাতে জাপান সরকারের অবদানের কথা উল্লেখ করেন।

এসময় তিনি দেশের সর্বস্তরে সুস্বাস্থ্য বিধানে তার সরকারের দেওয়া প্রতিশ্রুতির পুনরুল্লেখ করে বলেন, যেহেতু দেশের সাধারণ জনতাই মূলত: আর্সেনিক সংক্রমণের শিকার তাই আমরা এ ব্যাপারে বিশেষ গুরুত্ব আরোপ করছি’।

তিনি আরো বলেন, দেশকে আর্সেনিক মুক্ত করার যে অঙ্গীকার আমরা করেছিলাম তারই প্রথম দফা আজ পূরণ হলো।

বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত মাতসুশিরো হরিগুচি বলেন, প্রয়োজনের সময় যদি বিশুদ্ধ ও নিরাপদ পানি সরবরাহ করতে কোনো দেশ ব্যর্থ হয় তাহলে দেশটিকে পানি সম্পদে দরিদ্র বলা ছাড়া আর কোনো উপায় থাকে না। তাই যে কোনো দেশের জন্যে নিরাপদ পানি সরবরাহে পানির গুণগত মান বজায় রাখাসহ মাটির উপরিস্থিত পানির লবণাক্ততা, ভূ - গর্ভস্থ পানির মান এবং নির্ভেজাল পরিবেশ ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া জরুরী।

এ সময় রাষ্ট্রদূত ২১০টি গ্রামে ৭,০০০ আর্সেনিক আক্রান্ত রোগী রয়েছে বলে জানান।

দেশের মোট ৩৭টি জেলার ভূ - গর্ভস্থ পানিতে আর্সেনিকের উপস্থিতির বিষয়টিও তিনি জানান।

এসব জেলাগুলোতে বর্তমানে কমপক্ষে ৩০ মিলিয়ন লোক বাস করছে, এদের মধ্যে ৯০ ভাগই রয়েছে গ্রামাঞ্চলে।

জাপান ইন্টারন্যাশনাল কো - অপারেশন এজেন্সি (জাইকা) এর আবাসিক প্রতিনিধি আকিরো আরাই উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

ডিপিএইচই এর প্রধান প্রকৌশলী খোরশেদ আলম অনুষ্ঠানটি পরিচালনা করেন।