২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠির আদালতে জেএমবি শীর্ষ নেতা শায়খ ও বাংলা ভাই, ১০ দিনের রিমান্ড মঞ্জুর, আইনজীবীদের বিক্ষোভ

নিষিদ্ধ ঘোষিত জামা’তুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)’র প্রধান শায়খ আব্দুর রহমান ও সেকেন্ড ইন কমান্ড সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইসহ ছয় আসামিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মঙ্গলবার সকালে ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2006, 02:00 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

ঝালকাঠিতে দুই বিচারক হত্যা মামলায় তাদেরকে আদালতে হাজির করা হয়। অন্য আসামিরা হলো--জেএমবি’র সামরিক শাখা প্রধান আতাউর রহমান সানি, সুইসাইড স্কোয়াডের সদস্য ইফতেখার হাসান আল মামুন, আবদুল আউয়াল ও সুলতান হোসেন খান।

আসামিদের উপস্থিতিতে জেলা ও দায়রা জজ মোহাম্মদ আনোয়ারুল হক মামলাটি আমলে নেন।

জজকোর্ট থেকে পরে শায়খ আব্দুর রহমান ও বাংলা ভাইকে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। সেখানে ১৭ আগস্টের সিরিজ বোমা হামলার দুইটি মামলায় পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন জানালে ম্যাজিস্ট্রেট মেহেদী মাসুদুজ্জামান তা মঞ্জুর করেন।

জেএমবি’র নেতাদের জজ আদালতে নিয়ে আসা হলে স্থানীয় আইনজীবীরা বিক্ষোভ প্রদর্শন করেন এবং তারা হত্যাকারীদের ফাঁসির দাবি জানান।

বিচারক হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি’র স্পেশাল এএসপি মুন্সী আতিকুর রহমান আটজনকে অভিযুক্ত করে গত ২১ মার্চ চার্জশিট দাখিল করেন। এরমধ্যে খালেদ সাইফুল্লাহ ও আসাদুল ইসলাম আরিফ পলাতক রয়েছে।

২০০৫ সালের ১৪ নভেম্বর সকালে ঝালকাঠিতে বিচারকদের বহনকারী মাইক্রোবাসে জেএমবি আত্মঘাতি বোমা হামলা চালালে দুই সিনিয়র সহকারী জজ সোহেল আহমেদ ও জগন্নাথ পাঁড়ে নিহত হন।