২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা ও ঝিনাইদহে ক্রসফায়ারে ২ চরমপন্থি নিহত

ঝিনাইদহ ও খুলনায় মঙ্গলবার ভোরে চরমপন্থিদের সাথে পুলিশ এবং র‌্যাবের পৃথক ক্রসফায়ারে দুই চরমপন্থি নিহত হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2006, 09:50 AM

Updated : 26 Apr 2022, 03:35 PM

নিহত দুই চরমপন্থির নাম আব্দুল আজিজ (৪০) এবং ইকু মিয়া।

বিডিনিউজের ঝিনাইদহ প্রতিনিধি জানান, ঝিনাইদহ সদর উপজেলার বড়াই গ্রামের একটি মাঠে মঙ্গলবার ভোরে পুলিশের ক্রসফায়ারে চরমপন্থি সংগঠন বিপ্লবী কমিউনিস্ট পার্টির ক্যাডার আব্দুল আজিজ নিহত হয়েছে। তার বাড়ি একই উপজেলার পান্তাপাড়া গ্রামে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রোববার পান্তাপাড়া গ্রামে অভিযান চালিয়ে আজিজকে গ্রেপ্তার করে।

আজিজের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ তাকে সাথে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য বড়াই গ্রামের মাঠে পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময়ের সময় আজিজ পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।

ঘটনাস্থল থেকে পুলিশ একটি পাইপগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে।

পুলিশ জানায়, আজিজের বিরুদ্ধে চারটি হত্যাসহ সাতটি মামলা রয়েছে এবং একটি মামলায় তার ১৭ বছরের জেল হয়েছিল।

বিডিনিউজ’র খুলনা প্রতিনিধি জানান, খুলনার তেরখাদা উপজেলার হারিখালি গ্রামে মঙ্গলবার ভোরে র‌্যাবের ক্রসফায়ারে অপর এক চরমপন্থি নিহত হয়েছে।

নিহত চরমপন্থির নাম ইকু মিয়া। সে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির ক্যাডার ছিল।

র‌্যাব-৬ জানায়, জেলখানা ঘাট এলাকা থেকে সোমবার র‌্যাব সদস্যরা ইকু মিয়াকে গ্রেপ্তার করে।

ইকুর দেয়া স্বীকারোক্তি অনুযায়ী র‌্যাব সদস্যরা তাকে সাথে নিয়ে অস্ত্র উদ্ধার এবং তার সহযোগীদের গ্রেপ্তারের জন্য হারিখালি গ্রামে পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা ইকুর সহযোগিরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। র‌্যাবও পাল্টা গুলি চালায়।

উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময়ের সময় ইকু র‌্যাবের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। র‌্যাব ঘটনাস্থল থেকে একটি পাইপগান এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করে।

র‌্যাব জানায়, ইকুর বিরুদ্ধে জোড়া পুলিশ হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।