সংসদ ভবনে অগ্নিকাণ্ডের রহস্য উদঘাটন করতে পারেনি তদন্ত কমিটি
সংসদ ভবনে আগুন লেগে গুরুত্বপূর্ণ নথি পুড়ে যাওয়ার ১০দিন পেরিয়ে গেলেও অগ্নিকা-ের রহস্য এখনো উদঘাটন করা সম্ভব হয়নি।
এ লক্ষ্যে গঠিত সংসদের প্রশাসনিক তদন্ত কমিটিও অগ্নিকা-ের সুষ্পষ্ট কোনো কারণ ব্যাখ্যা করতে পারেনি।
নির্ধারিত সময়ের চারদিন পর রোববার রাত ১১টায় তদন্ত কমিটি তাদের রিপোর্টটি স্পিকারের কাছে জমা দিলেও এতে দোষী হিসেবে সুনির্দিষ্টভাবে কাউকে সনাক্ত করা হয়নি।
তবে প্রতিবেদনে শুধুমাত্র সংসদের ভেতরে কর্মকর্তা কর্মচারিদের মধ্যে বিরাজমান অসন্তোষকে দায়ী করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন সময়ে মাস্টার রোলে নিযুক্ত কর্মচারি আত্মীকরণসহ অন্যান্য বিষয়ে বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা ও কর্মচারিদের মধ্যে বেশ কিছুদিন ধরেই বিরোধ চলছে। এ বিরোধের জের ধরেও অগ্নিসংযোগ করা হতে পারে। এছাড়া প্রতিবেদনে সংসদ ভবনের দূর্বল নিরাপত্তার কথাও উল্লেখ করা হয়েছে।
এদিকে খোদ সংসদের ভেতরে অগ্নিকা-ের এ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট মহলে প্রশ্ন দেখা দিয়েছে। প্রশাসনিক তদন্ত কমিটিতে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সার্জেন্ট অ্যাট আর্মসকে কমিটির সদস্য করা নিয়েও প্রশ্ন উঠেছে ।
অবশ্য স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার বলেছেন, এতে কোনো সমস্যা হবে না। কারণ সিকিউরিটি বিভাগের ওপর যথেষ্ট চাপ রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, রোববার রাতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ায় সংশ্লিষ্ট মহলে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। সংশ্লিষ্টদের দাবি, ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্যেই এ ধরণের একটি নাটক সাজানো হয়েছে।
তাদের মতে, এ ঘটনার রহস্য আর উদঘাটন হবে না। এটি হিমাগারেই থেকে যাবে। দোষীদের রক্ষা করতেই কাউকে অভিযুক্ত না করে প্রতিবেদন তৈরি করা হয়েছে।
সংশ্লিষ্ট মহল আরো বলছে, স্পিকারসহ প্রশাসনিক উচ্চ মহল তাদের ব্যর্থতা ঢাকতেই এই কৌশল নিয়েছে।
তবে জাতীয় সংসদের স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার বলেছেন, প্রশাসনিক তদন্ত কমিটি ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অপর একটি তদন্ত কমিটি করা হয়েছে। তারা বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা কর্মচারিদের স্বাক্ষ্য গ্রহণ করেছেন। তাদের রিপোর্ট পাওয়ার পর সিদ্ধান্ত নেয়া যাবে।
তিনি আরো বলেন, আমরা বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে দেখছি। পাশাপশি সংসদ ভবনের বাইরের ও ভেতরের নিরাপত্তা ব্যবস্থা আরো কঠোর করার সিদ্ধান্ত নিয়েছি। ছুটির দিনসহ ২৪ ঘন্টা সিসিটিভি খোলা রাখার সিদ্ধন্ত নেয়া হয়েছে।
গভীর রাতে তদন্ত কমিটির রিপোর্ট দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, কমিটি তাদের কাজ সম্পূর্ন করেই প্রতিবেদন দিয়েছে।
গত ৮ এপ্রিল সকাল ৮টা ৫ মিনিটে সংসদ ভবনের ভেতরে স্পিকারের কক্ষের সামনেসহ তিনটি গুরুত্বপূর্ণ স্থানে একযোগে রহস্যজনক অগ্নিকা-ের ঘটনা ঘটে।
এতে আইন শাখা--২ এর কক্ষের ভেতরের বেশকিছু ফাইল, কার্পেট এবং কমিটি শাখা--৯ এর দরজার বেশ কিছু অংশ পুড়ে যায়। প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর নিরাপত্তা কর্মীরা আগুন নেভাতে সক্ষম হয়।
ওই দিনই বিকেল ৪টায় সংসদ সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিবকে আহ্বায়ক করে ৬ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।
স্পিকার কমিটিকে তিনদিনের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেন। ১১ এপ্রিল তাদের প্রতিবেদন দাখিল করার কথা থাকলেও একদিন আগে ১০ এপ্রিল কমিটি সময় বাড়ানোর জন্যে স্পিকারের কাছে আবেদন করে।
স্পিকার তদন্তের সুবিধার্থে কমিটিকে আরো দুদিন সময় বাড়িয়ে দেন। বর্ধিত সময় অনুযায়ী ১৩ এপ্রিল রিপোর্ট দেওয়া কথা থাকলেও কমিটি ১৬ এপ্রিল তাদের রিপোর্ট জমা দেয়।
ঘটনার দিন বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের বিভিন্ন বিভাগের সমন্বয়ে আরো একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটি এখনো তাদের তদন্ত কাজ করছে ।
ওই কমিটি আগামী দু’একদিনের মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে তাদের প্রতিবেদন জমা দেবে বলে জানা গেছে।
