২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংখ্যালঘু সম্প্রদায় ও তাদের সম্পত্তি রক্ষা করতে সরকারের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে হাইকোর্টের রুল জারি

হাইকোর্ট সোমবার ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনের পর ধর্মীয়ভাবে সংখ্যালঘু সম্প্রদায় ও তাদের সম্পত্তি রক্ষা করতে সরকারের ব্যর্থতার ওপর রুল জারি করেছেন।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2006, 08:36 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনের পর ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে যারা ক্ষতির সম্মুখীন ও নির্যাতনের শিকার হয়েছেন তাদেরকে ক্ষতিপূরণ দিতে কেন সরকারকে নির্দেশ দেওয়া হবে না এই মর্মে হাইকোর্ট সরকারকে নির্দেশ দিয়েছেন।

দু’টি মানবাধিকার সংগঠনের দায়ের করা রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি আওলাদ আলী ও বিচারপতি জিন্নাত আরার সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ সোমবার এ রুল জারি করেন। সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যে দুস্কৃতিকারীরা হামলা ও নির্যাতন করেছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে সরকারের ব্যর্থতাকে কেন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা ব্যাখ্যা করতে আদালত মামলার বিবাদীদের প্রতি নিদের্শ দিয়েছেন।

ধর্মীয় সংখ্যালঘুদের মৌলিক ও সাংবিধানিক অধিকার রক্ষা করতে ও নির্বাচনের পর নির্যাতনের ঘটনার সময় দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের যারা তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করেননি তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে সরকারকে কেন নির্দেশ দেওয়া হবে না তাও ব্যাখ্যা করতে রুলে বলা হয়েছে।

তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও অতিরিক্ত আইজিপিকে রিট আবেদনে বিবাদী করা হয়েছে।

হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিজ (এইচআরসিবিএম) সভাপতি অ্যাডভোকেট রবীন্দ্র ঘোষ ও হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) নির্বাহী সভাপতি অ্যাডভোকেট মনজিল মুরশিদ যৌথভাবে ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনের পর সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যে দুস্কৃতিকারীরা হামলা ও নির্যাতন করেছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের ব্যর্থতাকে দায়ী করে হাইকোর্টে জনস্বার্থ মামলা হিসেবে রিট আবেদনটি দায়ের করেন।

রিট আবেদনকারীরা আদালতকে জানান, ২০০১ সালের ১ অক্টোবরের জাতীয় সংসদ নির্বাচনের পর সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হত্যা, ধর্ষণ, নির্যাতন, জমি দখল, বসতবাড়িতে হামলার মতো কমপক্ষে ১৫ হাজার ঘটনা ঘটে।

অ্যাডভোকেট রবীন্দ্র ঘোষ ও অ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকীর সহযোগিতার অ্যাডভোকেট মনজিল মুরশিদ রিট আবেদনকারীর পক্ষে এবং অতিরিক্ত এটর্নি জেনারেল আব্দুর রাজ্জাক খান রাষ্ট্রপক্ষে আদালতে মামলা পরিচালনা করেন।