চট্টগ্রামে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ, মঙ্গলবার প্রতীক অনশন, বুধবার কলম বিরতি
চট্টগ্রামে রোববার অস্ট্রেলিয়া - বাংলাদেশ ২য় টেস্ট ম্যাচ কাভার করার সময় সাংবাদিকদের ওপর পুলিশের বর্বরোচিত হামলার প্রতিবাদে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।
সোমবার ঢাকায় পৃথক পৃথক সমাবেশ থেকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নেতৃবৃন্দ ন্যাক্কারজনক ওই ঘটনার নিন্দা জানিয়ে ২৪ ঘন্টার মধ্যে দায়ী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানান।
অন্যথায় আরো কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা হুশিয়ারি উচ্চারণ করেন।
ডিআরইউ’র উদ্যোগে মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সংগঠনের সেগুনবাগিচা কার্যালয় চত্বরে এক ঘন্টার প্রতীক অনশন পালন করা হবে।
পরদিন বুধবার ডিইউজে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চার ঘন্টার প্রতীক কলম বিরতি পালন করবে।
সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে ডিইউজে আয়োজিত প্রতিবাদ সমাবেশে আলতাফ মাহমুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএফইউজে সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, মহাসচিব মনজুরুল আহসান বুলবুলসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন ১৪ দলের কেন্দ্রীয় নেতা আব্দুর রাজ্জাক এমপি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও দিলীপ বড়–য়া।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর সাবেক পরিচালক এবং আওয়ামী লীগ নেতা দেওয়ান শফিউল আরেফিন টুটুল, বিসিবি সহসভাপতি কাজী গোলাম দস্তগীর, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ এবং ক্রিকেট সংগঠক আহমেদ সাজ্জাদুল আলম ববি প্রতিবাদ সমাবেশের সঙ্গে সংহতি প্রকাশ করেন।
সমাবেশে ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘ঘটনার জন্যে দোষীদের চিহ্নিত করতে কোনো তদন্ত কমিটির প্রয়োজন নেই। এর সুনির্দিষ্ট প্রমাণ সাংবাদিকদের কাছেই রয়েছে। প্রমাণের ভিত্তিতে সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলাকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।’
ডিআরইউ চত্বরে সংগঠনের সভাপতি শফিকুল করিম সাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শাহেদ চৌধুরী, ডিইউজে সভাপতি আলতাফ মাহমুদ, মঞ্জুরুল হক, জাফর ওয়াজেদ, শরিফুল ইসলাম বিলু, মহসীনুল করিম লেবু, সিদ্দিকুর রহমান, খায়রুজ্জামান কামাল, শওকত ওসমান রচি, রেজাউর রহমান সোহাগ, আমিনুল হক মল্লিক, মনোয়ার হক, আজমল হক হেলাল, পথিক সাহা, সুলতান মাহমুদ বাদল এবং ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরিফ রহমান।
সভায় অবিলম্বে চট্টগ্রামে সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলার নায়ক ডিসি আকবর ও সার্জেন্ট আনোয়ারসহ দোষী পুলিশ সদস্যদের বরখাস্ত ও গ্রেপ্তার করে বিচারের দাবি জানানো হয়।
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনও নিজস্ব কার্যালয় চত্বরে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
এদিকে রোববারের ঘটনার প্রতিবাদ জানিয়ে নিন্দা প্রকাশ অব্যাহত রয়েছে। সাংবাদিকদের ওপর পুলিশি হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুন্নেসা মোশাররফ ও সাধারণ সম্পাদিকা ফজিলাতুন্নেসা ইন্দিরা, বিপ্লবী ঐক্য ফ্রন্ট আহ্বায়ক মোশরেফা মিশু এবং বাংলাদেশ ইউনেস্কো ক্লাব অ্যাসোসিয়েশন মহাসচিব মাহবুব উদ্দিন চৌধুরী
