নাবিস্কো ফ্যাক্টরিতে অভিযানের সময় ভ্রাম্যমান আদালত সদস্যরা হামলার শিকার
তেজগাঁও শিল্প এলাকার ভাইয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ‘নাবিস্কো বিস্কুট এন্ড ব্রেড ফ্যাক্টরি’তে অভিযানকালে রোববার প্রতিষ্ঠানের কর্মচারি ও কর্মকর্তাদের হামলায় ভ্রাম্যমান আদালতের সদস্যরা আহত হয়েছেন।
এই হামলার পর আদালতের ম্যাজিস্ট্রেট, ছয় বিডিআর সদস্য, দুই জন পুলিশ, বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট, ঢাকা সিটি কর্পোরেশন, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সংবাদমাধ্যমের সদস্যদের সমন্বয়ে গঠিত দলটি অভিযান না চালিয়েই ফ্যাক্টরিটি ত্যাগ করে।
আদালত অবমাননা ও সরকারি কর্মকা-ে বাধা দেওয়ার অভিযোগ এনে কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সূত্র জানায়, ভ্রাম্যমান আদালতের দায়িত্ব পালন কালে এই প্রথম তারা হামলার শিকার হন।
দলনেতা ম্যাজিস্ট্রেট তপন কুমার বিশ্বাস বিডিনিউজকে বলেন, “আমরা কারখানার ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কর্মকর্তারা আমাদের সাথে বাজে ভাষায় চিৎকার করতে থাকে এবং বের হয়ে যেতে বলে”।
“কারখানার কর্মকর্তারা আমাদের সঙ্গে খারাপ ব্যবহার ও হামলা চালায়। এতে দলের কয়েকজন সদস্য আহত হয়”, ম্যাজিস্ট্রেট বলেন।
ভাইয়া গ্রুপের কর্তৃপক্ষের সঙ্গে এ ব্যপারে যোগাযোগ করা হলে তারা বলেন, তাদেরকে নাজেহাল করার জন্যই এ অভিযান চালানো হয়।
