২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলোচনার জন্যে আ.লীগের ৫ সদস্যের নাম দিয়ে মান্নান ভূঁইয়ার কাছে ১৪ দলের চিঠি; ‘জামাত প্রশ্নে ৪ দল বিএনপিকে দায়িত্ব দিলে সে অনুযায়ী সিদ্ধান্ত’

সংস্কার ইস্যুতে প্রস্তাবিত আলোচনায় কমিটি গঠনের জন্যে বিরোধী ১৪ দলের পক্ষে আওয়ামী লীগের পাঁচ সদস্যের নাম উলে¬খ করে বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার তৃতীয় চিঠির জবাব দিয়েছে ১৪ দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2006, 09:06 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

 রোববার সন্ধ্যায় আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল তার বেইলি রোডের সরকারি বাসভবনে এ চিঠি পৌঁছে দেন।

আওয়ামী লীগের নীতিনির্ধারক পর্যায়ের পাঁচ জন নেতা হচ্ছেন: দলের সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল এমপি, প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত এমপি, শেখ ফজলুল করিম সেলিম এমপি এবং কাজী জাফরুল¬াহ্ এমপি। 

এদিকে চিঠি পেয়ে মান্নান ভূঁইয়া সাংবাদিকদের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ১৪ দলের মতো চার দল যদি এককভাবে বিএনপি’র ওপর দায়িত্ব দেয়, তাহলে আমরা আলোচনার ব্যাপারে সে অনুযায়ী সিদ্ধান্ত নেব। 

সরকার ও বিরোধী দলের মধ্যে সম্ভাব্য সংলাপে জামাতকে এড়াতে আবারও বিএনপিকে সতর্ক করে দিয়েছে ১৪ দল।

আব্দুল জলিলের অনুপস্থিতিতে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে: আমরা আশা করছি, আপনারা কমিটিতে এমন কোনো প্রতিনিধির নাম অন্তর্ভুক্ত করবেন না, যার ফলে সংলাপ বিঘিœত হতে পারে।

এছাড়া পত্রালাপের ইতি টেনে আওয়ামী লীগের মতো সরকারি চার দলীয় জোটের পক্ষে শুধু বিএনপির নীতি নির্ধারক পর্যায়ের পাঁচ জনের নাম দিয়ে কালক্ষেপণ না করে দ্রুত আলোচনা শুরু হবে বলে মান্নান ভূঁইয়ার কাছে দেওয়া চিঠিতে আশা প্রকাশ করা হয়েছে।

গত ১২ এপ্রিল মান্নান ভুঁইয়ার দেওয়া চিঠির বিষয়বস্তুর প্রসঙ্গ টেনে আওয়ামী লীগের চিঠিতে বলা হয়: আমরা আপনার সাথে সম্পূর্ণ একমত যে, জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, ও নিরপেক্ষ করার জন্যে আমাদের আলোচনার বিষয়বস্তু সংস্কার প্রস্তাবের মধ্যেই সীমাবদ্ধ রাখা উচিত। আর সে কারণেই সাম্প্রদায়িক শক্তি ও জঙ্গিবাদ গণতন্ত্র ও রাষ্ট্রীয় সত্ত্বার ক্ষেত্রে যে গভীর সংকট সৃষ্টি করেছে, সেই বিষয়সমূহ এই পরিসরের আলোচনায় যাতে জটিলতা সৃষ্টি করতে না পারে, সেজন্যেই ১৪ দলের পক্ষে আওয়ামী লীগ এবং চার দলের পক্ষে বিএনপি’র প্রতিনিধিদের নিয়ে কমিটি গঠনের কথা বলেছি।

আওয়ামী লীগের চিঠিতে আরও বলা হয়: আলেচনার বিষয়বস্তু ও সিদ্ধান্তের ব্যাপারে ১৪ দলের প্রতি আমরা দায়বদ্ধ। তেমনি চার দলের হয়ে আলোচনার দায়িত্ব নিতে আপনাদের কোনো অসুবিধা থাকার কথা নয়।

মান্নান ভূইয়াকে ইতোপূর্বে দেওয়া চিঠির প্রসঙ্গ টেনে বলা হয়, আমাদের দাবির সপক্ষে আন্দোলনের কর্মসূচি সম্পর্কে আগের চিঠিতেই আমরা উল্লেখ করেছিলাম যে, আলোচনা বৈঠক আন্দোলন কর্মসূচির বিকল্প নয়। এছাড়া হরতাল, অবরোধ, অবস্থান, বিক্ষোভ মিছিল, সভা, শোভাযাত্রা – সবকিছুই নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচি হিসেবেই বিবেচিত। ওই সকল কর্মসূচিতে বাধাদানের কারণেই বরং অশান্তি ও সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হয়। গত ১২ ও ৩০ মার্চের কর্মসূচি এবং কানসাটে অনাহুত বাধা ও পুলিশি নিপীড়নের যে ঘটনা ঘটেছে, তা দুঃখজনক।

এ সকল বিষয় বিবেচনা করে আন্দোলন কর্মসূচি সম্পর্কে প্রশাসনকে সংযত হওয়ার ব্যাপারে বিএনপি মহাসচিবের আহ্বানের প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে বলে চিঠিতে আশা প্রকাশ করা হয়।  

এর আগে গত কয়েকদিনে ১৪ দল দফায় দফায় বৈঠকে বসে চিঠি চূড়ান্ত করে। আর কমিটিতে বিরোধী দলের পক্ষে পাঁচ জনের নাম চূড়ান্ত করে দেন সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা।

সর্বশেষ রোববার দুপুর ও পরে সন্ধ্যায় আওয়ামী লীগের বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ১৪ দলের সভায় চিঠি অনুমোদন করে তা মান্নান ভূঁইয়ার কাছে পাঠানো হয়।

আব্দুল মান্নান ভূঁইয়া সংস্কার প্রশ্নে আওয়ামী লীগের সর্বশেষ চিঠি গ্রহণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, চিঠির জবাব পেয়েছি। এখনো খুলে দেখিনি। চিঠি দেখে দলের নেত্রীর সাথে আলোচনা করবো। তবে ১৪ দলের মতো চারদলও যদি বিএনপিকে এককভাবে আলোচনার দায়িত্ব দেয়, তাহলে আমরা সে অনুযায়ীই সিদ্ধান্ত নেবো।

মান্নান ভূঁইয়া চিঠির জন্যে আওয়ামী লীগকে ধন্যবাদ জানিয়ে বলেন, ১৪ দল আওয়ামী লীগকে এককভাবে সংস্কার ইস্যুতে আলোচনার দায়িত্ব দিয়েছে। কিন্তু চারদল সে দায়িত্ব বিএনপিকে দেয়নি। এ নিয়ে চারদলের সভায় আলোচনা করে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে। চারদলের সভার মত অনুযায়ী আমরা আমাদের সিদ্ধান্ত নেবো।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, আলোচনায় না বসা পর্যন্ত চিঠি চালাচালি অথবা টেলিফোনে আলোচনা চলবে। আলোচনার মাধ্যমেই আমরা একটি সিদ্ধান্তে আসবো।

এ সময় মান্নান ভূঁইয়া বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিলের স্বাস্থ্যের খোঁজখবর নেন।