কানসাটে নিরীহ গ্রামবাসীকে হত্যার প্রতিবাদে ঢাবিতে সমাবেশ, মানববন্ধন
কানসাটে নিরীহ গ্রামবাসীকে হত্যার প্রতিবাদে এবং তাদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে সাংস্কৃতিক সংগঠন প্রগতির পরিব্রাজক দল (প্রপদ) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র ঐক্যের সাত সদস্যবিশিষ্ট একটি দল সংহতি প্রকাশের জন্য রোববার রাতে কানসাটের উদ্দেশ্যে রওনা দেবে।
রোববার দুপুর আড়াইটায় মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে তারা এ কথা জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রপদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তফা মাহবুব রাসেল। সংবাদ সম্মেলনে তারা জানান, তারা সংগৃহীত অর্থ দিয়ে কানসাটের নিরীহ মানুষদের সহায়তা করবেন, তাদের আন্দোলনের অভিজ্ঞতা নেবেন এবং আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করবেন।
এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজু ভাস্কর্যে সাধারণ শিক্ষার্থীরা আয়োজন করে প্রতিবাদী চিত্রাঙ্কন ও মানববন্ধন। এ সময় তাদের সাথে সংহতি প্রকাশ করেন বাংলা বিভাগের অধ্যাপক রফিকউল্লাহ খান, সহকারী অধ্যাপক সিরাজুল ইসলাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক, অধ্যাপক নেসার হোসেন, অর্থনীতি বিভাগের অধ্যাপক এমএম আকাশ, ঢাবির শিক্ষার্থী, পথচারী সকলে।
অধ্যাপক আ আমস আরেফিন সিদ্দিক এ সময় কানসাটে হত্যাকান্ডের সাথে সংশ্লিষ্ট সকলের বিচার, নিহতদের পরিবারের ব্যয়ভার বহন এবং জনগণের ন্যায্য দাবি মেনে নেওয়ার দাবি জানান।
সংক্ষিপ্ত সমাবেশে একজন পথচারী বলেন, একটি গণতান্ত্রিক দেশে উন্নয়নের জোয়ার বইছে এরকম তথাকথিত সংলাপ দিয়ে কানসাটের সংঘটিত ঘৃণ্য ঘটনাকে ঢাকা যাবে না। যে দেশে ন্যায্য দাবি চাইতে এলে জীবন দিতে হয় সে দেশে আর যাই হোক গণতন্ত্র নেই। উন্নয়নের ফাঁকা বুলি না দিয়ে জনগণের জীবনের নিরাপত্তা দিয়ে তাদের দাবি-দাওয়া মেনে নিতে হবে।
