২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে আবারো বিডিআর – বিএসএফ গোলাগুলি, ১ জন নিহত

একদিনের ব্যবধানে পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে বিডিআর ও বিএসএফের মধ্যে আবারো গুলি বিনিময় হয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত উভয় পক্ষের মধ্যে সহস্রাধিক রাউন্ড গুলি বিনিময় হয়। এতে ভারতীয় এক নাগরিক নিহত হয়। বর্তমানে সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে। বিডিআর - বিএসএফ সীমান্তে টহল জোরদার করেছে।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2006, 06:26 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

বিডিআর ও এলাকাবাসী সূত্র জানায়, শুক্রবার রাতে ভারতের ফাঁসিদেওয়া সীমান্ত ফাড়ির বিএসএফ সদস্যরা মেইন পিলার ৪৪৮ এর ১১ ও ১২ সাব পিলার সংলগ্ন বাংলাদেশী কাশিমগঞ্জ, গোয়ালগছ ও নারায়ণজোত গ্রাম লক্ষ্য করে অতর্কিতে গুলি চালায়। গুলির শব্দ শুনে গোয়ালগছ সীমান্ত ফাড়ির বিডিআর সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। শুক্রবার রাত থেকে শনিবার সকাল ৭টা পর্যন্ত থেমে থেমে গুলিবর্ষণ হতে থাকে। এসময় উভয় পক্ষের মধ্যে সহস্রাধিক রাউন্ড গুলি বিনিময় হয় বলে বিডিআর ও এলাকার লোকজন জানান।

তারা আরো জানান, শনিবার সকালে বাংলাদেশী কাশিমগঞ্জ গ্রামের বিপরীতে ভারতীয় ফাঁসিদেওয়া বাজারে আতঙ্কিত লোকজন বিক্ষুব্ধ হয়ে গুলিবর্ষণ বন্ধের জন্যে বিক্ষোভ মিছিল করলে বিএসএফ গুলিবর্ষণ বন্ধ করে।

গোলাগুলিতে মেইন পিলার ৪৪৮ এর ৫ সাব পিলারের কাছে ভারতীয় কাটাতারের বেড়া সংলগ্ন এলাকায় একজন অজ্ঞাতনামা ভারতীয় নাগরিক নিহত হয়। শনিবার দুপুরে ভারতের ফাঁসিদেওয়া বিএসএফ কোম্পানি কর্তৃপক্ষ পতাকা উত্তোলন করে লাশ সনাক্তের জন্যে বিডিআর কর্তৃপক্ষকে আহবান জানায়। পরে গোয়ালগছ বিওপি কমান্ডার সফিকুল ইসলাম,  তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান, বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান নাইবুল ইসলাম, তীরনইহাট ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামসহ স্থানীয় লোকজন লাশটি বাংলাদেশী নাগরিকের নয় বলে সনাক্ত করে। তবে বিডিআর সূত্র জানায়, বিএসএফের গুলিতেই অজ্ঞাতনামা ওই ব্যক্তি নিহত হয়।

বিডিআরের একটি সূত্র জানায়, বিএসএফ এসএলআর, মেশিনগান, এলএমজিসহ অত্যাধুনিক অস্ত্র দিয়ে গুলিবর্ষণ করে।

পঞ্চগড় ২২ রাইফেল ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর খিজির খান গোলাগুলির ঘটনা স্বীকার করে বলেছেন, বিএসএফ সদস্যরা বিনা উস্কানিতে বাংলাদেশী গ্রাম ও বিডিআর বিওপি লক্ষ্য করে গুলিবর্ষণ করে। বিডিআরও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।

এদিকে সীমান্তের বিরাজমান উত্তেজনাকর পরিস্থিতি নিরসনে শনিবার বিকেলে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা সীমান্তের মেইন পিলার ৭৩২ এর ২ সাব পিলার এলাকায় বিডিআর ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে পঞ্চগড় ২২ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল গাজী ফিরোজ রহমান এবং ভারতীয় বিএসএফের পক্ষে ১০ বিএন বিএসএফের ফাঁসিদেওয়া কোম্পানির কমান্ডেন্ট শ্রী শ্যামল কুমার সূত্রধর নেতৃত্ব দেন। বিকেল ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পতাকা বৈঠক চলছিল।