২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোলিও নির্মূলে জনগণের সহযোগিতা প্রয়োজন: স্বাস্থ্যমন্ত্রী

১৩ তম বিশেষ জাতীয় টিকা দিবস উপলক্ষে স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, পোলিও রোগের বিস্তার রোধ কর্মসূচি সফল করতে সকল জনগণের সহযোগিতা প্রয়োজন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2006, 02:02 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

স্বাস্থ্য মন্ত্রী রাজধানীর মহাখালীস্থ ইপিআই ভবনে শনিবার সকালে কয়েকটি শিশুকে পোলিও টিকা খাইয়ে ১৩ তম বিশেষ জাতীয় টিকা দিবস উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের প্রায় ২ কোটি ১০ লাখ শিশুকে পোলিও টিকা খাওয়ানোর জন্য রোববার দেশব্যাপী পালিত হবে ১৩ তম বিশেষ জাতীয় টিকা দিবস। এদিন প্রথম রাউন্ড এবং দিতীয় রাউন্ড পালিত হবে ১৩ মে ও ১১ জুন।

মন্ত্রী বলেন, ১২ টি জাতীয় টিকা দিবস ও একটি সাব-এনআইডি পালনের মাধ্যমে বাংলাদেশ পোলিও মুক্ত হয়েছিল। দীর্ঘ পাঁচ বছর আট মাস দেশে পোলিও মুক্ত থাকার পর চাঁদপুরে রহিমা নামের একটি শিশু পোলিও রোগে আক্রান্ত হওয়ায় এ টিকা দিবস পালন করতে হচ্ছে।

তিনি বলেন, চাঁদপুরের রহিমার মতো আর কোনও শিশু যেন পোলিও আক্রান্ত না হয় সেজন্য ১৩ তম বিশেষ টিকা দিবস সফল করতে হবে। অনেক দেশই পোলিও মুক্ত হওয়ার পর পুনরায় পোলিও রোগ দেখা দিলেও তড়িৎ ব্যবস্থা গ্রহণ করতে না পারায় এ রোগ পুনর্বিস্তার লাভ করছে। আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম হয়েছি।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. শাহাদত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাস্থ্য সচিব একেএম জাফর উল্লাহ খান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক এমএ আকমল হোসেন আজাদ, জাপানের রাষ্ট্রদূত মাৎশুহিরো হরিগুচি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ড. দুয়াংবেদী সংকোবল, ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি লুইস জর্জ আরসেনল্ট এবং রোটারি ইন্টারন্যশনালের সাবেক প্রেসিডেন্ট এমকে বান্দুরাঙ্গা শেঠী।

সারাদেশে ০ থেকে ৫ বছর বয়সী প্রায় ২ কোটি ১০ লাখ শিশুকে পোলিও টিকা খওয়ানো হবে। প্রতিটি শিশুকে তিন রাউন্ডেই পোলিও খাওয়াতে হবে।