২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের হামলায় ৩ জন নিহত

রাজধানীর বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের হামলায় আওয়ামী লীগ নেতাসহ কমপক্ষে তিনজন খুন হয়েছে। পুলিশ শনিবার একথা জানায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2006, 09:58 AM

Updated : 26 Apr 2022, 03:34 PM

নিহতরা হচ্ছে--৭৬ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার আওয়ামী লীগ নেতা আলীমুল্লাহ ওরফে আলীম (৫৫), ডেমরা থানাধীন দক্ষিণ সায়েদাবাদ এলাকার রব সর্দার (৬০) এবং শাহ আলী ফরহাদ।।

পুলিশ জানায়, রাজধানীর সূত্রাপুর থানাধীন দয়াগঞ্জের সর্দার পট্টি এলাকায় শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে আলীমের বাড়িতে পাঁচ থেকে ছয়জনের একটি সন্ত্রাসী দল প্রবেশ করে দুইজনের উপর গুলিবর্ষণ করে। এসময় রব ঘটনাস্থলেই নিহত হয়।

আলীমের পরিবারের সদস্যরা অভিযোগে জানায়, আলীমকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে জরুরি বিভাগে কোন চিকিৎসক না থাকায় আলীম চিকিৎসার অভাবে মারা যায়।

এসময় আলীমের আত্মীয়-স্বজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভাংচুর করে।

এ ব্যাপারে সূত্রাপুর থানায় দুইটি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে অপর এক ঘটনায় শাহ আলী থানার মিরপুরে শুক্রবার রাতে সন্ত্রাসীরা র‌্যাবের এক সোর্সকে গুলি করে হত্যা করেছে।

নিহতের নাম শাহ আলী ফরহাদ।

পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

এ ব্যাপারে শাহ আলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

রাজধানীর কাফরুল থানার কচুক্ষেত পুরান বাজার এলাকায় শুক্রবার রাতে সন্ত্রাসীদের হামলায় একজন আহত হয়েছে।

আহতের নাম ওমর ফারুক জাহিদ। তিনি একজন জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী বলে জানা যায়।

এ ব্যাপারে কাফরুল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।