নি:স্তব্ধ কানসাট, কানসাটবাসীর সাথে বিভিন্ন বাণিজ্য প্রতিষ্ঠানের একাত্মতা ঘোষণা
বিভিন্ন বাণিজ্য সংস্থা কানসাটবাসীর আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে অভিযুক্তদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত এবং শাস্তির দাবি জানিয়েছে।
বাণিজ্য সংস্থাগুলো হলো রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি, চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক গ্রুপ, সোনামসজিদ সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশন।
বাণিজ্য সংস্থাগুলো কানসাটের ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় ক্ষতিপূরণ এবং উদ্ভূত সমস্যার আশু সমাধানের দাবি জানান।
পাশাপাশি তাঁরা সরকারদলীয় এবং আন্দোলনকারীদের মধ্যে সমঝোতার ব্যাপারে সহযোগিতার ইচ্ছা প্রকাশ করেছে।
চরম অচলাবস্থার মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে কানসাটবাসীর জীবন যাত্রা। বুধবার সন্ধ্যায় পুলিশের গুলিতে হতাহতের পর গতকাল বৃহস্পতিবার কানসাটের সর্বত্রই ছিল থমথমে ও শোকাতুর পরিবেশ। নিহতদের ঘর ঘরে ছিল আহাজারি। গতকালও প্রশাসনের জারি করা ১৪৪ ধারা ও আন্দোলনকারীদের লাগাতার হরতাল অব্যাহত ছিল।
স্থানীয় কিছু মানুষ বলেছে, নিহতের সংখ্যা ছয়জন।
কানসাটে অনির্দিষ্টকালের হরতালের বৃহস্পতিবার সাত দিন অতিবাহিত হলেও পরিস্থিতির কোন উন্নতি হয়নি।
রাজশাহীর সিটি মেয়র মিজানুর রহমান মিনু ও চাঁপাইনবাবগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বৃহস্পতিবার রাতে বলেন, পল্লী বিদ্যুতের নেতা গোলাম রব্বানীর সাথে যোগাযোগের চেষ্টা করছেন। তিনি বলেন, প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ খুব শীঘ্রই এলাকা পরিদর্শন করবেন।
সূত্র জানায়, প্রায় ৬০ কিলোমিটার রাস্তা ও গ্রাম জনশূন্য হয়ে পড়েছে, মনে হয় যেন এটি একটি ভুতুড়ে গ্রাম।
একশো’র বেশি গ্রামবাসী রাজার বাগান পাগলা নদীর কাছে পুঠিমারী এলাকায় আশ্রয় নিয়েছে। তারা জানায় পুলিশের গ্রেফতার এবং নির্যাতন থেকে রক্ষা পেতে খোলা আকাশের নিচে থাকা অনেক নিরাপদ।
পুলিশের গুলিতে নিহত আনোয়ার ও আব্দুর রহমান লাশ দাফন করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের বেকির মোড় থেকে কানসাট বাজার পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার এলাকা ছিল পুলিশ-বিডিআর বেষ্টিত। ওই মহাসড়কের ধোবড়া, কলাবড়িসহ বিভিন্ন স্থানে দেয়া ব্যারিকেড পুলিশ সরানোর চেষ্টা করেনি। ফলে সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ ছিল। আন্দোলনকারীরা নতুন করে কানাসট বাজার-চককীর্তি সড়কের হঠাৎপাড়া ও বহলাবাড়িতে গাছ কেটে ব্যারিকেড দিয়েছে। ফলে এ সড়ক দিয়েও যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
১৪ দলের নেতারা কানসাটবাসীর সাথে একাত্মতা ঘোষণা করে বলেছে, নির্বিচারে মানুষ হত্যা করে তাদের কণ্ঠস্বর রুদ্ধ করা যাবে না। তারা ১৫-২০ এপ্রিল এই প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে।
এ ব্যাপারে তারা ২০ এপ্রিল সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল আহবান করেছে।
পুলিশের গুলিতে তিনজন নিহত ও কমপক্ষে ৫০ জন আহত হয়।
উল্লেখ্য ৪ জানুয়ারি থেকে পল্লী বিদ্যুৎ উন্নয়ন সংগ্রাম পরিষদের সাথে পুলিশ এবং ক্ষমতাসীন বিএনপি’র সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১৭ নিহত হয়েছে।
