২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রমনার বটমূলে বিস্ফোরণ: অন্যান্য বিস্ফোরণের ঘটনার সাথে সম্পৃক্ততা খুঁজে পাননি তদন্ত কর্মকর্তারা

তদন্তকারী কর্মকর্তারা দাবি করে বলেছেন, ২০০১ সালের ১৪ এপ্রিল রমনার বটমূলে পহেলা বৈশাখের অনুষ্ঠানে বিস্ফোরণের ঘটনার সাথে দেশের অন্যান্য বিস্ফোরণের ঘটনার তারা কোন সম্পৃক্ততা খুঁজে পাননি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2006, 10:03 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

রমনার বটমূলে পহেলা বৈশাখের অনুষ্ঠানে বোমা বিস্ফোরণের ঘটনায় ১০ জন নিহত ও বহু আহত হয়।

বিস্ফোরণের পাঁচ বছর পেরিয়ে গেলেও তদন্তকারী কর্মকর্তারা বলতে পারছেন না ঠিক কবে তারা মামলার অভিযোগপত্র জমা দেবেন। এখন পর্যন্ত ছয়জন কর্মকর্তা বিস্ফোরণের ঘটনাটি তদন্ত করলেও তারা কোন সমাধানে পৌঁছাতে পারেননি।

সরকারি সূত্রে জানা যায়, ঘটনাটি তদন্ত করতে সংশ্লিষ্ট সকল দপ্তর ও গোয়েন্দা শাখা বিভিন্ন পর্যায়ে জড়িত ছিল। রমনা পুলিশ, ডিটেক্টিভ ব্র্যাঞ্চ (ডিবি), স্পেশাল ব্র্যাঞ্চ (এসবি), অপরাধ তদন্ত দপ্তর (সিআইডি) মামলার তদন্ত চালিয়েছে। মামলাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পর্যবেক্ষণ সেলেও পাঠানো হয়েছিল।

পরবর্তীতে তদন্ত শেষ করার জন্যে তা আবারো স্থানান্তর করে সিআইডিতে পাঠানো হয়।

মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা (আইও) ও সিআইডির ইনস্পেক্টর আবু হেনা মোহাম্মদ বলেন, কাজটি সম্পন্ন করতে আমি সাধ্যমতো চেষ্টা করছি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্তে আরো সময় লাগবে। কাজটি কখন শেষ হবে ও অভিযোগপত্র কখন জমা দেওয়া হবে তা বলা অসম্ভব।

তিনি বলেন, রমনা বটমূলের বিস্ফোরণের ঘটনার সাথে আমি জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) নেতাদের কোন সম্পৃক্তরা খুঁজে পাইনি।

সূত্র জানায়, তদন্তের সময় আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যরা ১২ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করে ও তাদের প্রত্যেকেই এখন জামিনে মুক্ত রয়েছে।

সূত্র জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে নিষিদ্ধঘোষিত হরকাতুল জিহাদ নেতা আকবর ক্রিমিনাল প্রসিডিউর কোডের ১৬১ ধারায় আওতায় বিস্ফোরণের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বাড়ি চট্টগ্রাম জেলার সন্দ্বীপে।

সূত্র আরো জানায়, স্বীকারোক্তির সময় আকবর গোপালগঞ্জের মুফতি হান্নান, জামালপুরের আবদুর রহমান, ময়মনসিংহের আব্দুর রৌফ, রাজশাহীর আব্দুল আজিজ এবং আব্দুল হান্নানসহ ১৪ জনের নাম প্রকাশ করে।

এই আবদুর রহমান জেএমবি প্রধান শায়খ আবদুর রহমান কিনা তা জানতে চাওয়া হলে আইও আবু হেনা বলেন, আমি মনে করি না, এই আবদুর রহমানই শায়খ আবদুর রহমান।

অবশ্য পরবর্তীতে আদালতের কাছে আকবর তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি অস্বীকার করেন।

এদিকে ময়মনসিংহের সিনেমা হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক হুমায়ুন আজাদের ওপর হামলা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইউনূসকে হত্যা এবং ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে একযোগে বিস্ফোরণের ঘটনাসহ দেশের বিভিন্ন স্থানে বিস্ফোরণের ঘটনার সাথে জড়িত থাকার কথা এখন পর্যন্ত গ্রেপ্তারকৃত জঙ্গি নেতারা স্বীকার করেছে।

কিন্তু যশোরে ১৯৯৯ সালে উদীচীর সম্মেলনে বোমা হামলা, খুলনার আহমাদিয়াদের মসজিদে হামলা, রমনার পহেলা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলা, পল্টনে সিপিবির সম্মেলনে বোমা হামলা, নারায়ণগঞ্জে আওয়ামী লীগের কার্যালয়ে বোমা হামলা, বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় আওয়ামী লীগ নেতা শেখ হেলালের জনসভায় বোমা হামলা এবং গোপালগঞ্জের বানিয়াচং চার্চে হামলার জন্যে দায়ী দল ও ব্যক্তিদের ব্যাপারে তদন্তকারী কর্মকর্তারা কোনো ক্লু বের করতে পারেননি।

এছাড়া ২০০৪ সালের ২১ আগস্টে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশ ও সিলেটে গ্রেনেড হামলার ব্যাপারেও তারা কোন ক্লু খুঁজে পাননি।