২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর-বিএসএফ সংঘর্ষের পর পাটগ্রাম সীমান্তে আতংক

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুশলীবাড়ী সীমান্তে বুধবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং বাংলাদেশ রাইফেলস (বিডিআর)’র সদস্যদের মধ্যে সংঘর্ষের পর এলাকায় আতংক বিরাজ করছে।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2006, 05:28 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

সূত্র জানায়, বিডিআর এবং বিএসএফ উভয়ই সীমান্তের ৮০৬ ও ৮০৭ নং মূল পিলারের কাছে উচ্চ সতর্কাবস্থায় রয়েছে।

বুধবার রাত থেকে দুই পক্ষের মধ্যে গুলিবিণিময় বন্ধ থাকলেও, তা যে কোন সময় পুনরায় শুরু হতে পারে এমন আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতংক বিরাজ করছে।

এদিকে বিএসএফের পতাকা বৈঠকের একটি প্রস্তাব বিডিআর বৃহস্পতিবার ফিরিয়ে দিয়েছে, কারণ একই পর্যায়ের পূর্বের বৈঠকের সিদ্ধান্ত বিএসএফ পালন করেনি ।

ঘটনাস্থলে সার্বক্ষণিকভাবে অবস্থানকারী বিডিআর রংপুর সেক্টরের কমান্ডার মেজর মহসিন বিডিনিউজকে বলেন, যদি বৃহস্পতিবারের মধ্যে উচ্চ পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত না হয়, তাহলে সীমান্তের অবস্থার নিশ্চিত অবনতি ঘটবে।

সীমান্ত এলাকার কমপক্ষে দুই হাজার বাসিন্দা বুধবার থেকে নিজ বাড়ি ছেড়ে অন্যত্র অবস্থান করছে।

বিএসএফ’র গুলিতে বুধবার নিহত বাংলাদেশী নাগরিক সরকুদ্দিনের লাশ বৃহস্পতিবার বিডিআর তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে।