পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তে বিডিআর ও বিএসএফের মধ্যে ব্যাপক গুলিবিনিময়
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা সীমান্তে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত বিডিআর ও বিএসএফের মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়েছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ঘটনার পর পরই বিডিআর ও বিএসএফ উভয় সীমান্তে সৈন্য সংখ্যা বৃদ্ধি করে টহল জোরদার করেছে।
বিডিআর ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বালাবান্ধা সীমান্তে মেইন পিলার ৭৩১ সংলগ্ন মহানন্দা নদীর বাংলাদেশের অংশে পাথর উত্তোলনের সময় ভারতের ফুলবাড়ি বিএসএফ ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা আকষ্মিকভাবে পাথর উত্তোলনকারী শ্রমিকদের লক্ষ্য করে গুলি চালায়। এ খবর পেয়ে বাংলাবান্ধা বিওপির সদস্যরা অবস্থান নিয়ে পাল্টা গুলি চালায়। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত থেমে থেমে উভয় পক্ষের মধ্যে পাঁচ শতাধিক রাউন্ড গুলি বিনিময় হয়েছে।
পঞ্চগড় ২২ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল গাজী ফিরোজ রহমান বিডিআর ও বিএসএফের গুলি বিনিময়ের কথা স্বীকার করেছেন।
তিনি বলেন, বিএসএফ পাথর উত্তোলনকারী শ্রমিকদের লক্ষ্য করে গুলি চালালে বিডিআর আত্মরক্ষার্থে দুই শতাধিক রাউন্ড গুলি চালায়।
এ ঘটনায় বিডিআরের তেঁতুলিয়া কোম্পানি কর্তৃপক্ষ ভারতের হাতিরাম বিএসএফ কোম্পানির কাছে ঘটনার কড়া প্রতিবাদসহ পতাকা বৈঠকে বসার আহবান জানিয়ে পত্র প্রেরণ করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিএসএফ কর্তৃপক্ষ বৈঠকের ব্যাপারে কোনো সাড়া দেয়নি।
এ ঘটনায় উভয় সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে।
