নোয়াখালীতে স্কুল ছাত্রীকে জবাই করে হত্যা, গণপিটুনিতে হত্যাকারী নিহত
নোয়াখালীর সোনাইমুড়ীতে বৃহস্পতিবার সকালে স্কুল ছাত্রীকে জবাই করে হত্যা করেছে এক যুবক। পরে জনতার পিটুনিতে ঘটনাস্থলে ওই যুবক নিহত হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সোনাইমুড়ীর ওয়াসেকপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী জান্নাতুল কাউসারকে (১৩) সকাল ১০টার দিকে স্কুলে যাওয়ার পথে মুসলিম (২৬) নামে স্থানীয় এক যুবক জবাই করে হত্যা করে । স্থানীয় জনতা ঘটনাস্থলে ওই যুবককে আটক করে গনধোলাই দিলে তার মৃত্যু হয়। নিহত স্কুল ছাত্রীর লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, নিহত স্কুল ছাত্রী জান্নাতুল কাউসারকে বিভিন্ন সময় মুসলিম স্কুলে যাওয়ার পথে উত্যক্ত করতো। এ নিয়ে একবার শালিসি বৈঠকও হয়। ধারণা করা হচ্ছে প্রেমে ব্যর্থ হয়ে মুসলিম স্কুল ছাত্রী জান্নাতকে জবাই করে হত্যা করে। জান্নাতের বাবা ওয়াসেকপুর গ্রামের ইঞ্জিনিয়ার আবদুল কুদ্দুস আবুধাবী প্রবাসী ।
