চাঁপাইনবাবগঞ্জে কানসাটে ৬ষ্ট দিনের হরতালে পুলিশ-জনতা সংঘর্ষ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পল্লী বিদ্যুত উন্নয়ন সংগ্রাম পরিষদের ডাকা লাগাতার হরতালের ষষ্ঠ দিনে বুধবার পুলিশের সাথে বিক্ষুদ্ধ জনতার সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে।
এসময় পুলিশ বিক্ষুদ্ধ জনতাকে ছত্রভঙ্গ করার জন্য কাঁদানে গ্যাস নিক্ষেপ ও শার্টার গানের গুলি ছুঁড়ে। যুগান্তর পত্রিকার ফটোসাংবাদিক শামিম নুরসহ কয়েকজন আহত হয়েছে।
পুলিশ গত রাতে বিভিন্ন বাড়িতে অভিযান চালালে বিক্ষুদ্ধ জনগণ কানসাটের গোপালনগর মোড় তিন দিক থেকে পুলিশকে অবরুদ্ধ করে রাখে।
পুলিশ গোলাম রব্বানীর ছোট ভাইয়ের স্ত্রী লাইলি বেগমের বাড়িতে প্রবেশ করে একটি মিশুক ভাংচুর করে, ২০ হাজার টাকা এবং একটি ২০ ইঞ্চি রঙিন টেলিভিশন নিয়ে যায়। হঠাৎপাড়া এলাকা থেকে পুলিশ অন্তত; ১১ জনকে গ্রেফতার করে।
গভীর রাতে পুকুরিয়া, গোপালনগর মোড়, কানসাট বাজার এবং কানসাট বাজারের পাশে অবস্থিত পাগলা নদী অতিক্রম করে অসংখ্য বাড়িতে ঢুকে হামলা করে।
মঙ্গলবার রাতে বিডিআরসহ বিএনপি কর্মীদের তৎপরতা তাৎক্ষণিকভাবে লোকজন মাইকযোগে প্রচার করলে পুকুরিয়া থেকে সোনামসজিদ পর্যন্ত বিভিন্ন স্থানে আন্দোলনকারীরা অবস্থান নেয়। অবশেষে জনতার প্রতিরোধের মুখে বিডিআর পিছু হটতে বাধ্য হয়।
রাত ১২ দিকে ধোপপুকুর শাহবাজপুর এলাকার সহস্রাধিক লোকজন জমায়েত হয়ে শাহাবাজপুর কলেজ মাঠে তাৎক্ষণিক এক সমাবেশ করে। তারা পুলিশ বিডিআরকে প্রতিরোধ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
আব্বাস বাজারেও রাতে সহস্রাধিক মানুষ একত্রিত হয়। তারা কানসাট বাজারের দিকে এগিয়ে আসে। এসময় তারা পুলিশকে পিছু হটিয়ে গোপালনগর মোড় দখলে নেয়। ১৪৪ ধারা জারির পর থেকেই ওই এলাকাটি পুলিশের দখলে ছিল।
গোপাল নগর মোড় থেকে ধোপপুকুর পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকায় মঙ্গলবার মধ্যরাতেও সংঘর্ষ চলে রাত ১০ টা থেকে ১ টা পর্যন্ত সংঘর্ষ চলে।
