দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে সরে দাঁড়াবো না: কানসাট আন্দোলনের নেতা গোলাম রব্বানী
কানসাট আন্দোলনের নেতা গোলাম রব্বানী বলেছেন, জনগণের ন্যায়সঙ্গত দাবি নিয়ে আন্দোলন করছি।
একাধিকবার মামলা হয়েছে। আমাকে ক্রসফায়ারের হুমকি দেওয়া হচ্ছে। এসব করে এ আন্দোলনকে দমানো যাবে না। সংগ্রাম পরিষদের সকল দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে সরে দাঁড়াবো না।
কানসাটের করিম বাজারে সোমবার এক সাক্ষাৎকারে তিনি বিডিনিউজকে এসব কথা বলেন।
তিনি বলেন, আইন পরিবর্তনের জন্যেও জনগণ রক্ত দিতে পারে। জনগণের জন্যে যে আইন, যে সংবিধান, জনগণের কল্যাণে তা পরিবর্তন করা উচিত।
১৪৪ ধারা জারি প্রসঙ্গে তিনি বলেন, জনগণের বিরুদ্ধে অভিযান চালালে আবারো সংঘাতময় পরিস্থিতি তৈরি হতে পারে।
তিনি ঘটনার জন্যে বিএনপি দলীয় স্থানীয় এমপি শাহজাহান মিয়াকে দায়ী করে বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তিনিই সহিংসতা ছড়াচ্ছেন। বারবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। আমি মনে করি, তিনি একজন ব্যর্থ এমপি। সংসদ থেকে তার পদত্যাগ করা উচিত। দাবি না মেনে সংসদ সদস্যের গুন্ডারা শান্তিপূর্ণ মিছিলে বোমা হামলা করে চারজনকে হত্যা করেছে। বোমা হামলা না হলে এ ঘটনা ঘটতো না।
গোলাম রব্বানী বলেন, ৬ এপ্রিলের ঘটনার পর থেকে আমি প্রতিনিয়ত নিরপত্তাহীনতায় ভুগছি। বাড়িতে থাকতে পারছিনা। জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মিজানুর রহমান মিনুর তীব্র সমালোচনা করে তিনি বলেন, মেয়র মিনু বারবার জনগণকে দেওয়া ওয়াদা ভঙ্গ করেছেন। একাধিকবার কানসাট এসে জনগণের সকল দাবি মানার ঘোষণা দেওয়ার কথা বলেও তিনি আসেননি। তিনি আমাকে সন্ত্রাসী বলেছেন। আমি কখনোই সন্ত্রাসী নই।
তিনি মেয়র মিজানুর রহমান মিনু ও সংসদ সদস্য শাহজাহান মিয়াকেই সন্ত্রাসীদের গডফাদার উল্লেখ করে বলেন, স্থানীয় এমপি নয় মাস ধরে চলা এ আন্দোলন সম্পর্কে কিছুই জানেন না বলে চরম মিথ্যাচার করছেন।
তিনি বলেন, সরকার গণতান্ত্রিক নয়, গনতান্ত্রিক আচরণও করছে না। প্রধানমন্ত্রীসহ সকল নেতৃবৃন্দের কাছে আবেদন করছি, জনস্বার্থে সংগ্রাম পরিষদের উত্থাপিত ১৪টি দাবি মেনে নিন।
তিনি দাবি জানান, সংগ্রাম পরিষদের মিছিল--সমাবেশে পুলিশ--বিডিআর যেন আর হামলা না করে।
