বিভিন্ন পণ্যে ভেজাল মিশ্রনকারীদের সর্বোচ্চ শাস্তির বিধান করতে ভ্রাম্যমান আদালতকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ
স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন পণ্যে ভেজাল মিশ্রনকারীদের সর্বোচ্চ শাস্তির মাধ্যমে তাদের বিরুদ্ধে আরো কঠোর হতে সোমবার ভ্রাম্যমান আদালতকে নির্দেশ দিয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ভ্রাম্যমান আদালতের ওপর আয়োজিত এক বৈঠকে মালিক এমনকি কর্মচারীদেরও সর্বোচ্চ শাস্তি দান এবং ভেজালবিরোধী অভিযানের সময় তাদেরকে পাওয়া না গেলে মালামাল জব্দ করতে ম্যাজিস্ট্রেটদের প্রতি নির্দেশ দেওয়া হয়।
বৈঠক থেকে বের হয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাংবাদিকদের বলেন, আরো বেশি জনবল নিয়োগ, আধুনিক সরঞ্জাম সংগ্রহ ও সাংগঠনিক কাঠামোতে সংস্কার আনতে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউটকে (বিএসটিআই) নির্দেশ দেওয়া হবে বলেও বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বৈঠকে বর্তমানে এক মাস ধরে ভেজালবিরোধী অভিযান পরিচালনাকারী ১২ জন ম্যাজিস্ট্রেটের পাশাপাশি আরো ১২ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়ার ব্যাপারেও সিদ্ধান্ত নেয়া হয়েছে।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর বলেন, ভেজাল সম্পর্কিত মামলাগুলোর নিষ্পত্তির জন্যে আরো দু’টি ম্যাজিস্ট্রেট কোর্ট স্থাপন করা হবে।
সূত্র জানায়, বৈঠকে বলা হয়েছে, বিএসটিআই মাত্র ১৪৫টি আইটেম চিহ্নিত করেছে। আরো অনেক পণ্য থাকলেও পর্যাপ্ত জনবল ও সরঞ্জাম না থাকায় বিএসটিআই তাদের বিরুদ্ধে অভিযান চালাতে পারছে না।
যদিও আমদানিকারকরা তাদের আমদানিকৃত পণ্যের জন্যে বিএসটিআই অথবা সায়েন্স ল্যাবরেটরিজের কাছ থেকে সার্টিফিকেট সংগ্রহ করে না।
বৈঠকে মুখ্য মহানগর হাকিম (সিএমএম) ও ভেজালবিরোধী অভিযানের সাথে জড়িত ১২ জন ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, বৈঠকে ম্যাজিস্ট্রেটরা নিরাপত্তা বাহিনী, যানবাহন ও জনবলের অভাবসহ অভিযান চালাতে গিয়ে তারা যে যে সমস্যার মুখোমুখি হন তার বর্ণনা দেন।
