হরতালের চতুর্থ দিনেও উত্তাল কানসাট, পুলিশ -- বিডিআর’র কড়া প্রহরা
চাঁপাইনবাবগঞ্জের কানসাট এলাকা অনির্দিষ্ট হরতালের চতুর্থ দিনেও সকাল থেকেই রয়েছে উত্তাল। বিক্ষুব্ধ নারী -- পুরুষ লাঠি শোটা নিয়ে খণ্ড খণ্ড মিছিল করছে।
সরেজমিনে কানসাটের প্রত্যন্ত এলাকা ঘুরে দেখা গেছে, বাজার এলাকাসহ বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ, দাঙ্গা পুলিশ ও বিডিআর। সকাল সাড়ে ১০ টার দিকে পুলিশ মাইকিং করে বাজারের দোকান - পাট বন্ধ রাখার নির্দেশ দেয়।
এ সময় প্রখর রোদ উপেক্ষা করে শত শত নারী--পুরুষের একটি লাঠি মিছিল পুলিশ ব্যারিকেডের কাছে এসে পৌঁছালে সংঘাত এড়াতে পুলিশ ও বিডিআর নিরাপদ দূরত্বে সরে যায়।
এদিকে প্রশাসনের ভাষ্য মতে, সোনামসজিদ -- চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে যানবহান চলাচলসহ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এখনো সেখানে জারি রয়েছে ১৪৪ ধারা। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।
ওই মহাসড়কে ব্যারিকেডের কারণে সোমবারও সড়ক যোগাযোগ ছিলো বন্ধ। সর্বত্র বিরাজ করছে চাপা উত্তেজনা।
তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো সহিংস ঘটনার খবর পাওয়া যায়নি।
