ভৈরবের মেঘনা নদীতে নৌকাডুবি: ২ জনের লাশ উদ্ধার, নিখোঁজ ১০
ভৈরবের মেঘনা নদীতে শনিবার রাতে ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া যাত্রী ও পণ্যবাহী ইঞ্জিন চালিত নৌকা থেকে রোববার দুপুরে দুটি লাশ উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত নিহতরা হলো-- ভৈরব পৌর এলাকার পলতাকান্দা গ্রামের রিক্সাচালক জাকিরের স্ত্রী ময়না বেগম (২৫) ও অজ্ঞাত এক বালক (১২)।
নৌকাটি ডুবে যাওয়ার ১৫ ঘন্টা পরে রোববার দুপুর ২টার দিকে ডুবরিরা ওই লাশ দুটি উদ্ধার করে। প্রথমে স্থানীয় ডুবুরিরা উদ্ধার কাজ শুরু করে। পরে ঢাকা ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের একটি ডুবুরি দলও উদ্ধার কাজে যোগ দেয়।
এদিকে নিখোঁজ যাত্রীদের খোঁজে তাদের নিকট আত্মীয়রা নদীর তীরে ভিড় জমায়।
ডুবুরিরা জানায়, নৌকাটি নদীর ৭০/৭৫ ফুট পানির নিচে থাকা ও পণ্য বোঝাইয়ের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। তবে এখন পর্যন্ত নদীতে কোন লাশ ভেসে ওঠেনি।
শনিবার রাত ৮টার দিকে হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ নয়াবাজার থেকে ভৈরবের উদ্দেশে ছেড়ে যাওয়া আ. হেকিম মাঝির ১২০ বস্তা ধান, ২৫ পেডি মাছ, ১০ ঝুড়ি ডিম এবং ৩০/৩৫জন যাত্রীসহ ইঞ্জিনচালিত নৌকাটি ভৈরবের মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়।
নিখোঁজদের মধ্যে একই পরিবারের আরমিনা (দেড় বছর), আরমান (৪)সহ কমপক্ষে ১০ জন নিখোঁজ রয়েছে।
