বাগেরহাটে গৃহবধূকে ধর্ষণের পর হত্যা
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কোদালিয়া গ্রামে পারভীন বেগম (২৭) নামে এক গৃহবধূকে কে বা কারা ধর্ষণের পর জবাই করে হত্যা করেছে। পুলিশ রোববার ভোরে বাড়ির রান্নাঘর থেকে তার হাত--পা বাঁধা লাশ উদ্ধার করে।
পুলিশ এ হত্যাকাণ্ডের কারণ বলতে পারেনি। তবে নিহতের স্বামী জামাল মোল্লা তার স্ত্রীকে হত্যার অভিযোগ এনে ৮ ব্যক্তির নাম উল্লেখ করে মোল্লাহাট থানায় মামলা করেছেন।
জামাল দাবি করেছে, ঘটনার রাতে বাড়িতে তার স্ত্রী একা ছিল। মামলার আসামিদের সাথে তাদের জমিসংক্রান্ত পূর্ববিরোধ রয়েছে।
মোল্লাহাট থানার দারোগা নজিবুল হক লাশের সুরতহাল রিপোর্টের উদ্ধৃতি দিয়ে জানান, প্রাথমিকভাবে নিহতের শরীরে ধর্ষণের আলামত মিলেছে। ধারণা করা হচ্ছে, শনিবার দিবাগত রাত ১টা থেকে দেড়টার মধ্যে পারভীনকে হত্যা করা হয়েছে। রোববার দুপুরে বাগেরহাট মর্গে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
