পহেলা বৈশাখকে ঘিরে রমনা পার্ক এলাকায় তিন স্তরের নিরাপত্তা বলয়
পহেলা বৈশাখে রমনা পার্কের বর্ষবরণ অনুষ্ঠানে যে কেনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। এ লক্ষ্যে এবার ১০ হাজার নিরাপত্তা কর্মী নিয়োগ করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক বৈঠক থেকে রোববার সুষ্ঠুভাবে বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বৈঠকে তিন হাজার র্যাব সদস্যসহ বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও এর আশেপাশের এলাকায় মোতায়েন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
২০০১ সালে রমনা বটমূলে পহেলা বৈশাখের অনুষ্ঠানে বোমা বিস্ফোরণে কমপক্ষে ১০ জন নিহত হয়।
সভা শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাংবাদিকদের বলেন, অতীত অভিজ্ঞতার কথা স্বরণ করেই আমরা নিরাপত্তা ব্যবস্থা জোরদারের সিদ্ধান্ত নিয়েছি যাতে করে মানুষ কোনো রকম ভয়ভীতি ছাড়াই বর্ষবরণের অনুষ্ঠান পালন করতে পারে।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘পহেলা বৈশাখ উদযাপনের স্থান ও দর্শক বৃদ্ধির কথা মাথায় রেখে এ বছর নিরাপত্তা ব্যবস্থা আরো বেশি জোরদার করা হয়েছে।’
বৈঠক সূত্র জানায়, র্যাব ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর ২২টি সাদা পোষাকধারী দল ও দুটি বোমা নিষ্ক্রিয় দল বিভিন্ন এলাকায় টহল দেবে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিরাপত্তার অংশ হিসেবে ২৫টি ভিডিও ক্যামেরা র্যাবের ১৫টি সিসিটিভি ও পাঁচটি পর্যবেক্ষন টাওয়ার বসানো হবে।
সূত্র জানায়, খুব কাছ থেকে সবকিছু পর্যবেক্ষণ করতে পুরো এলাকাকে দশটি ব্লকে ভাগ করা হয়েছে। রমনার আটটি প্রবেশ পথের মধ্যে তিনটি প্রবেশের জন্যে, তিনটি বের হওয়ার জন্যে ও বাকি দুটি দিয়ে প্রবেশ ও বের হওয়ার কাজে ব্যবহার করা হবে। কেউই তল্লাশী ছাড়া ভিতরে প্রবেশ করতে পারবে না।
বৈঠক সূত্র আরো জানায়, মূলত র্যাব ও পুলিশ কূটনীতিক পাড়ায় পূর্ণ নিরাপত্তার দায়িত্বে থাকবে।
সূত্র জানায়, ‘আমরা আত্মঘাতী বোমা হামলার ব্যাপারটি উড়িয়ে দিতে পারছিনা। জেএমবি’র প্রধান নেতারা পুলিশ হেফাজতে থাকলেও প্রতিশোধ নিতে তারা নতুন কায়দায় হামলা করতে পারে।
এছাড়া বৈঠকে রাজধানীসহ সারাদেশের আইন শৃঙ্খলা সম্পর্কে আলোচনা করা হয়। সভায় জানানো হয়, চাঁদাবাজী, ছিনতাই ও সিএনজি ট্যাক্সি ব্যবহার করে ডাকাতির বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।
এক প্রশ্নের জবাবে বাবর বলেন, ‘আমরা আশা করবো বিরোধী দল প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও কার্যক্রম শান্তিপূর্ণভাবে পালনের জন্যে আইন প্রয়োগকারী সংস্থাকে পরিস্থিতি মোকাবেলা করতে নির্দেশ দেওয়া হয়েছে।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জাতীয় সংসদের স্পিকার আমাকে জাতীয় সংসদ ভবনে অগ্নিকাণ্ডের ব্যপারে টেলিফোন করেছেন। ইতোমধ্যেই একটি দল ওই স্থান পরিদর্শন করেছে কিন্তু তারা এখনো আমাকে এ ব্যাপারে কোনো রিপোর্ট দেয়নি।’
কানসাটের ঘটনার ব্যাপারে স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে কানসাট সমস্যা সমাধানের চেষ্টা করছি। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে এজন্যে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
