২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কানসাটে অনির্দিষ্টকালের হরতাল; সোনামসজিদ স্থল বন্দর অচল

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আব্দুস সামাদ চিকিৎসার জন্যে গিয়েছিলেন ভারতে। সেখান থেকেই কানসাট পরিস্থিতির খবর শুনেছেন, কিন্তু ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় শনিবারই ফিরতে হয়েছে দেশে। সোনামসজিদ স্থল বন্দর দিয়ে বাংলাদেশ অভ্যন্তরে এসে পড়েন মহা বিপাকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2006, 06:11 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

ব্যারিকেড দিয়ে সড়ক অবরোধের কারণে বন্দরের সাথে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ। পরে ছেলে স্বপন মোটর সাইকেল যোগে সোনামসজিদ গিয়ে তাকে বাড়িতে নিয়ে আসে।

‘ভারত থেকে এ পথে কেউ বাংলাদেশে আসছেন না,’ মন্তব্য করেন তিনি।

চাঁপাইনবাবঞ্জ--সোনামসজিদ সড়কে পল্লী বিদ্যুৎ উন্নয়ন সংগ্রাম পরিষদের সমর্থকদের গাছ কেটে সৃষ্টি করা ব্যারিকেড ও সড়ক খুঁড়ে ফেলার কারণে সোনামসজিদ স্থল বন্দর প্রায় অচল হয়ে পড়েছে।

এ অবস্থায় আমদানিকৃত পণ্য পরিবহন করা যাচ্ছে না। বেকার হয়ে পড়েছে প্রায় সহস্রাধিক শ্রমিক। গোডাউনে গোডাউনে পচে নষ্ট হচ্ছে বিপুল পরিমাণ পেঁয়াজসহ বিভিন্ন কাঁচা পণ্য।

শুক্রবার রাতে আমদানিকৃত আঙুরের কয়েকটি ট্রাক বন্দর ছেড়ে গেলেও পেঁয়াজের ট্রাক আটকা পড়ে আছে।

সি এণ্ড এফ এজন্ট অ্যাসোসিয়েশনের সদস্য সচিব মো. সামিউল হক লিটন জানান, এ বন্দর দিয়ে আমদানি করা পণ্য নিয়ে আমদানিকারকরা বিপাকে পড়েছে।

তিনি বলেন, তিনদিন ধরে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় এখানে ৬০/৭০টি কাঁচা পণ্যের ট্রাক আটকে রয়েছে। বন্দরের গুদামগুলো ভর্তি রয়েছে। ফলে ট্রাক থেকে পণ্য খালাস করা সম্ভব হচ্ছে না। এসব পেঁয়াজ খালাস করা না গেলে তা পচে নষ্ট হবে।

তিনি আরো বলেন, এভাবে বারবার ব্যারিকেড দিয়ে সড়ক যোগাযোগ বন্ধ রাখলে এ বন্দর দিয়ে আমদানিকারকরা পণ্য আমদানিতে নিরুৎসাহিত হবে। এর বিরূপ প্রভাব পড়বে বন্দরের ওপর।

অনির্দিষ্টকালের জন্যে হরতাল ও সড়ক অবরোধের কারণে বন্দরে বাংলাদেশী ট্রাকসহ ভারতীয় ট্রাকও আটকে আছে।

আটকে পড়া ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার ট্রাক ড্রাইভার সঞ্জিব অধিকারী জানান, ৬ তারিখ থেকে তিনি বন্দরে আটকে আছেন।

‘হরতালের কারণে বন্দরে ট্রাক প্রবেশ করতে না পারা ও বন্দরের গুদামগুলোতে জায়গা না থাকায় ট্রাক থেকে পণ্য খালাস করতে পারছিনা,’ তিনি বলেন।

এদিকে হরতালের আগে বন্দরে আসা বাংলাদেশী ট্রাক ড্রাইভাররাও আটকে আছে।

খুলনার দৌলতপুরের মনির হোসেন বাবু, নারায়ণগঞ্জের পোস্তাগোলার মাসুম, মানিকগঞ্জের আরিফুল হক ও বগুড়ার ফুল মিয়া বলেন, হরতালের কারণে বন্দরের আশপাশের খাবার হোটেলগুলো বন্ধ থাকায় খাওয়ার খুব কষ্ট হচ্ছে।

‘তিন দিন ধরে চিড়া, মুড়ি ও কলা খেয়ে খুব কষ্টে আছি’, বলেন তারা।

বন্দরের এ অচলাবস্থার কারণে সহস্রাধিক শ্রমিক বেকার হয়ে পড়েছে। ৩১টি সংগঠন নিয়ে গঠিত সোনামসজিদ শ্রমিক সমন্বয় কমিটির সভাপতি মো. সেতাউর রহমান জানান, উদ্ভূত পরিস্থিতিতে বন্দরে কর্মরত শ্রমিকদের আয় রোজগার একেবারেই বন্ধ হয়ে গেছে।

তিনি বলেন, এর বাইরেও বন্দর সংশ্লিষ্ট অন্যান্য কয়েক হাজার মানুষও বেকার হয়ে পড়েছে। বন্দরসহ শ্রমিকদের স্বার্থে দ্রুত এ অচলাবস্থা নিরসন করা প্রয়োজন।