বিমানের ৬১ শতাংশ শেয়ার অফলোড করার নতুন উদ্যোগ
বিমান বাংলাদেশ এয়ারলাইনস লোকশান কাটিয়ে উঠতে ৬১ শতাংশ শেয়ার অফলোড করার নতুন উদ্যোগ নিয়েছে। তবে এক্ষেত্রে সংস্থাটিকে বেসরকারিকরণ করা হবে না।
বিমান সূত্র জানায়, শেয়ার অফলোড করার উদ্যোগের অংশ হিবেবে বিমান কর্তৃপক্ষ এখন কৌশলগত অংশীদার খুঁজতে শুরু করেছে। পছন্দের অংশীদারের কাছে বিমান লাভ -- লোকশানের ৬১ ভাগ শেয়ার হস্তান্তর করবে। বাকী শেয়ার থাকবে সংস্থাটির নিজের। তবে বিমানের কৌশলগত অংশীদার নীতিনির্ধারণী কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে না।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, কৌশলগত অংশীদার খুঁজতে বিমান এরই মধ্যে এমিরেটস, গালফ ও থাই এয়ারওয়েজের সঙ্গে যোগাযোগ করেছে। আরো কয়েকটি এয়ারলাইন্সের সঙ্গেও এ বিষয়ে যোগাযোগ করা হচ্ছে।
তিনি বলেন, শ্রীলঙ্কাসহ বিশ্বের অনেক এয়ারলাইন্স কৌশলগত অংশীদার নিয়ে লোকসান কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে।
বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে বিমানকে বেসরকারিকরণ তথা কৌশলগত অংশীদারের কাছে ৪১ শতাংশ শেয়ার অফলোড করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিএনপি -- জামায়াত জোট সরকার গঠন করলে ওই সিদ্ধান্ত স্থগিত করা হয় ।
এদিকে বিমানকে উড়োজাহাজ লিজ দেওয়ার বিষয়ে তিনটি বিদেশি এয়ারলাইন্স আগ্রহ দেখিয়েছে।
বিমান সূত্র জানায়, বৃহস্পতিবার ছিলো দুটি এয়ারবাস অথবা বোয়িং ৭৬৭ লিজ নেওয়ার বিষয়ে বিমানের আন্তর্জাতিক দরপত্র খোলার শেষ দিন। এই দরপত্রে অস্ট্রেলিয়া, কুয়েত ও তুরস্কের তিনটি এয়ারলাইন্স অংশ নেয়। বিমান কর্তৃপক্ষ আগামী দুসপ্তাহের মধ্যে এ সব দরপত্র মূল্যায়ন করে উড়োজাহাজ লিজ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে।
উড়োজাহাজ সঙ্কট মোকাবেলায় বিমান গত ফেব্র“য়ারিতে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে। ২৩ মার্চ এ দরপত্র খোলার শেষ সময়সীমা হলেও পরে আবার তা বাড়িয়ে ৬ এপ্রিল করা হয়।
অন্যদিকে, দুটি এয়ারবাস অথবা বোয়িং ৭৬৭ লিজ নেওয়ার বিষয়ে বিমানের পাইলটদের সংস্থা বাংলাদেশ এয়ারলাইন্স পাইলট অ্যাসোসিয়েশনকে (বাপা) আগাম কোনো তথ্য অবহিত না করায় দুপক্ষের মধ্যে বিরোধ এখন চরমে।
ওই লিজিং পদ্ধতির সচ্ছতার প্রশ্নে বাপা’র সঙ্গে বিমানের চিঠিপত্র দিয়ে বাদানুবাদ চলছে।
বাপা’র ভাষ্য মতে, বিমানের সঙ্গে তাদের এ সংক্রান্ত স্বাক্ষরিত এক চুক্তি অনুযায়ী, উড়োজাহাজ কেনা বেচা বা লিজ নেওয়ার বিষয়ে যে কেনো আগাম তথ্য কর্তৃপক্ষ বাপাকে জানাতে বাধ্য। জবাবে বিমান কর্তৃপক্ষ তাদের জানিয়েছে, লিজিং এর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হলে, তবেই তা বাপাকে অবহিত করা হবে।
বিমান ২৬টি আন্তর্জাতিক এবং সাতটি অভ্যন্তরীণ গন্তব্যে ছয়টি ডিসি -- ১০, চারটি এয়ারবাস ও চারটি এফ ২৮ উড়োজাহাজ দিয়ে যাত্রী পরিবহন করে।
