২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কানসাট উত্তপ্ত: অনির্দিষ্টকালের হরতালের প্রথম দিন অতিবাহিত

চাঁপাইনবাবগঞ্জের কানসাটে অনির্দিষ্টকালের হরতালের প্রথম দিন উত্তেজনা ও আতঙ্ক, ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2006, 07:33 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

শিবগঞ্জ উপজেলার চাঁপাই-- সোনামসজিদ মহাসড়কের পাইলিং মোড়ে পল্লী বিদ্যুৎ উন্নয়ন সংগ্রাম পরিষদ ও স্থানীয় বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষে চার জন নিহত হওয়ার প্রতিবাদে ও সংগ্রাম পরিষদের ১৪ দফা দাবিতে এ হরতালের ডাক দেওয়া হয়।

শুক্রবার শিবগঞ্জের কানসাট মহাসড়কে কয়েক কিলোমিটারব্যাপী গাছ কেটে ব্যারিকেড দেওয়া, খণ্ড খণ্ড মিছিল, নিহতদের পরিবারের বিলাপ-ক্ষোভ-বিক্ষোভসহ স্বতঃস্ফুর্ত ভাবেই পালিত হয় অনির্দিষ্টকালের জন্য ডাকা হরতালের প্রথম দিন।

এদিকে বৃহস্পতিবারের ঘটনায় কয়েক হাজার লোকের বিরুদ্ধে মামলা হয়েছে বলে চাপাইনবাবগঞ্জের এডিশনাল এসপি মাহবুবুল আলম জানিয়েছেন। শুক্রবারের পরিস্থিতি সম্পর্কে তিনি বিডিনিউজকে জানান, পরিস্থিতি বিষ্ফোরন্মুখ রয়েছে। ছোট ছোট মিছিল মিটিং চলছে।

কানসাট সংলগ্ন পাঁচটি ইউনিয়নে সকাল থেকে মানুষ বিক্ষোভ দেখায়। চাঁপইনবাবগঞ্জ সোনামসজিদ মহাসড়কের শাহবাজপুর ইউপির কাইয়ুমপুর থেকে সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত প্রায় ১২ কি:মি: গাছের গুড়ি দিয়ে সংগ্রাম পরিষদের সমর্থকরা ব্যারিকেড ও মহাসড়কের টাকশালদীঘিতে বিক্ষুব্ধ জনতা রাস্তা খুঁড়ে গর্ত করার কারণে চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ মহাসড়ক কানসাট--চৌডালা সড়ক, কানসাট--ভোলাহাট সড়ক, শিবগঞ্জ--খাসেরহাট সড়কে কোন যানবাহন চলাচল করেনি। এ সময় সোনামসজিদ স্থলবন্দরে শতাধিক পণ্যবাহী ট্রাক আটকা পড়ে।

রাজশাহী সিটি মেয়র মিজানুর মিনু শুক্রবার দুপুরে এ ঘটনার বিষয়ে স্থানীয় সার্কিট হাউসে এক সংবাদ সম্মেলনে ঘটনার সাথে পল্লী বিদ্যুৎ উন্নয়ন সংগ্রাম কমিটিকে দায়ী করে বলেন, সংগ্রাম পরিষদের ১৪ দফা দাবি মেনে নেওয়ার পরও তারা আন্দোলন করছে। আমি এতে বিক্ষুব্ধ, আইন যারা হাতে তুলে নিয়েছে তাদের দেশের প্রচলিত  আইনে বিচার করা হবে।

তিনি বলেন, দেশের রাজনৈতিক গণতান্ত্রিক স্থিতিশীলতা ধ্বংসের জন্য এই আন্দোলনের নামে গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। এ সময় চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি হারুনুর রশিদ ও জামায়াতের জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শুক্রবার বিকালে দূর দূরান্ত থেকে উন্নয়ন সংগ্রাম পরিষদের সমর্থকরা কানসাট রাজবাড়ি মাঠে সমবেত হয়ে ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে কানসাট এলাকায় বিক্ষোভ মিছিল করে।

এদিকে, শিবগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি আফতাব আহমেদ তাদের সমর্থক ও কৃষকদলের নেতা মাহবুব নিহত হওয়ার ব্যাপারে কিছু জানেন না বলে জানান।

অপরদিকে গত বৃহস্পতিবার নিহত চার জনের মধ্যে বিএনপি সমর্থক দু’জন মাহবুব ও মাসিদুলের ময়নাতদন্ত হয়েছে। অপর দু’জন সংগ্রাম পরিষদের সমর্থক আকরাম দাদখান ও আব্দুল জিলানীর লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে।

এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মো: আব্দুল সামাদ পরিস্থিতি শান্ত বলে জানালেও শ্যামপুর ইউপি চেয়ারম্যান ও আরও এক ব্যক্তিকে লাঞ্চিতসহ সংগ্রাম পরিষদের বিক্ষুব্ধ জনতা কানসাট এলাকায় বিএনপি সমর্থকদের কয়েকটি বাড়ি ভাংচুর করা হয়।

পরিস্থিতি নিরাপদ রাখার জন্য পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে দুই প্লাটুন বিডিআর ও ১৫০জন পুলিশ মোতায়ন করা হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে পল্লী বিদ্যুৎ উন্নয়ন সংগ্রাম পরিষদ ও শিবগন্জ উপজেলা বিএনপি’র মধ্যে সংঘর্ষে চার জন নিহত হয়। নিহতরা হলো- আকরাম দাদ খান (৪৩), মাহবুব (৪৫), মাসিদুল (৩৪) ও আব্দুল জিলানী (২৪)।