দেশের মানুষের যথাযথ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ড. মোশারফ
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ড. খন্দকার মোশারফ হোসেন শুক্রবার বলেছেন, দক্ষ জনশক্তি ও পর্যাপ্ত বরাদ্দের অভাবে দেশের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা এখনো যথাযথভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “তবে সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা প্রাথমিক স্বাস্থ্য সেবায় বিপুল সফলতা অর্জন করেছি”।
বিশ্ব স্বাস্থ্যদিবস উপলক্ষে “সকলে মিলে স্বাস্থ্য সেবার কাজ করি” বিষয়ের উপর স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
মোশারফ বলেন, “আমাদের প্রতি ৩৬৬৫জন মানুষের জন্য একজন ডাক্তার ও ৬৯৮৮ জনের জন্য একজন সেবিকা রয়েছে, যেটা গ্রহনযোগ্য নয়।
দেশের ১৪ কোটি মানুষের জন্য সর্বসাকুল্যে ৩৮,২০৬ জন চিকিৎসক এবং ২০,০৩৪ জন সেবিকা কর্মরত রয়েছে” তিনি জানান।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব একেএম জাফর উল্লাহ খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. এম শাহাদাত হোসেন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব অধ্যাপক ড. এজেডএম জাহিদ হোসেন ও বাংলাদেশে নিয়োজিত ডব্লিউএইচওর আবাসিক প্রতিনিধি ড. দুয়াংভাদে সুংহুবোল।
মন্ত্রী জানান, সরকার দেশের প্রতিটি ইউনিয়নে অন্ততপক্ষে একজন এমবিবিএস ডাক্তার নিশ্চিত করতে নতুন ৩,১৭৬টি পদ সৃষ্টি করেছে, এছাড়াও বিভিন্ন হাসপাতালে শয্যার সংখ্যা বাড়িয়েছে।
