বাগেরহাটে ২ যুবককে গণপিটুনী, চোখ উৎপাটন
বাগেরহাটের মোরেলগঞ্জের পল্লীতে স্থানীয় জনতা আলমগীর খাঁ (২৮) ও রফিকুল ইসলাম হাওলাদার (২৭) নামে দুই যুবককে গণপিটুনী দিয়ে তাদের চোখ খুঁচিয়ে নষ্ট করে দিয়েছে। হোগলাবুনিয়া ইউনিয়নের লক্ষণকাঠি গ্রামে বুধবার রাতে এই ঘটনা ঘটে।
জনগণের দাবি, ওই দুজন ডাকাত দলের সদস্য।
পুলিশ তাদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
স্থানীয় সূত্র জানায়, এলাকার কমিউনিটি পুলিশ বুধবার রাতে সাহেব আলী নামের এক গ্রামবাসীর পরিত্যাক্ত বাড়িতে বসে ৫ যুবককে শলাপরামর্শ করতে দেখে। গ্রামবাসীকে সাথে নিয়ে তাদের চ্যালেঞ্জ করলে তারা পালাবার চেষ্টা করে। গ্রামবাসী এ সময় ঐ দুজনকে ধরে ফেলে গণপিটুনী দেয় এবং চোখ তুলে দেয়। তবে তাদের কাছ থেকে কোন অস্ত্র, গুলি বা বোমা পাওয়া যায়নি।
ধৃত আলমগীরের পিতার নাম এবং রফিকুলের পিতার নাম আব্দুল হাকিম হাওলাদার। তাদের বাড়ি পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলার নদমূলা গ্রামে। রফিকুল ইসলামের পরিচয় জানা যায়নি।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফোরকান শিকদার বলেন, ধৃত আলমগীরের নামে ভাণ্ডারিয়া থানায় একাধিক ডাকাতির মামলা আছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
