কুষ্টিয়া ও যশোরে বোমা বিস্ফোরণে আহত ২
কুষ্টিয়ার কুমারখালীতে শক্তিশালী বোমার আঘাতে সোমবার সন্ধ্যায় স্কুল ছাত্র রাসেলের (১৩) হাত উড়ে গেছে। এদিকে যশোর শহরের বারন্দিপাড়ায় অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে বোমা হামলায় শফিকুল ইসলাম রিপন (২৮) নামের যুবদল কর্মী আহত হয়েছে।
কুষ্টিয়া প্রতিনিধি জানায়, কুমারখালীর সদকী ইউনিয়নের আগ্রাকুণ্ডা গ্রামের জালাল জোয়ার্দারের ছেলে রাসেল সন্ধ্যায় গড়াই নদীর কাছে ঘাস কাটতে গিয়ে ঘাসের মধ্যে লুকিয়ে রাখা বোমা বিস্ফোরণে আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
যশোর প্রতিনিধি জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল কর্মী রিপনের সাথে প্রতিপক্ষের দীর্ঘদিন কোন্দলের জের ধরেই বোমা হামলার ঘটনাটি ঘটে।
থানা সূত্র জানায়, সন্ধ্যার দিকে রিপন শহর থেকে রিক্সাযোগে বারান্দি মোল্যাপাড়ায় তার বাড়ি ফেরার পথে বারান্দিপাড়া বাঁশতলার কাছে পৌঁছুলে তাকে লক্ষ্য করে পরপর তিনটি বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এতে রিপনের বামপাঁজর ও বাম পায়ে মারাত্মক জখম হয়। এই ঘটনায় রিক্সাচালক রফিক (১৭) সামান্য আহত হয়েছে। তাদেরকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকদের অবহেলার অভিযোগ পাওয়া যায়।
এদিকে, থানা সূত্র জানায়, আহত রিপনের বিরুদ্ধে ছাত্রদল কর্মী জিয়া, যুবলীগ কর্মী নেপাল হত্যাসহ ১২টি মামলা রয়েছে।
