ফরিদপুরে বাস--টেম্পু সংঘর্ষে নিহত ৭ আহত ৩, ১ম লিড
ফরিদপুরে রোববার বিকেলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত ও তিন জন আহত হয়েছে। শহরতলীর বাঘুন্ডায় বরিশাল থেকে ঢাকাগামী সুরভী পরিবহনের যাত্রীবাহী বাসের(ঢাকা মেট্রো ব ১৪ - ১০৬৮) সাথে ফরিদপুর থেকে বাঘুন্ডাগামী একটি যাত্রীবাহী টেম্পুর মুখোমুখি সংঘর্ষে টেম্পুচালকসহ সাতজন ঘটনাস্থলেই প্রাণ হারায়।
নিহতরা হচ্ছে-- টেম্পু চালক হায়দার আলী (৩০), বেলাল হোসেন (২৮), সুমাইয়া (১৮), অপু (২০) ও শাহজাহান, ফজলু চোকদার (৬০) ও হাশেম মোল্লা (৫২)।
বাসটির চালক পালিয়ে যেতে সক্ষম হলেও পুলিশ বাসটিকে আটক করেছে।
পুলিশ সূত্র জানায়, দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন বাসটি ভাংচুর করে।
আহত তিনজনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুজনের নাম জানা গেছে। এরা হচ্ছে ডলি (১৯) ও এসকেন (৫০)।
