২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোবাবার ১৪ দল কমিটি গঠনের ব্যাপারে সিদ্ধান্ত নেবে

তত্ত্ববধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের লক্ষ্যে বিএনপি’র চিঠির পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল রোববার কমিটি গঠনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2006, 07:45 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

কমিটি গঠনের ব্যাপারে শনিবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে ১৪ দলের বৈঠক অনুষ্ঠিত হয়। শনিবারের বৈঠক কোনও সিদ্ধান্ত ছাড়াই সমাপ্ত হয়।

বৈঠকের পর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়কারী আব্দুল জলিল সাংবাদিকদের জানান, শিগগিরই আমরা চিঠির জবাব দেব। এ ব্যাপারে আমরা আলোচনার বিরুদ্ধে নই।

বিরোধী দলের দেওয়া চিঠির জবাবে শুক্রবার বিএনপি’র মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়ার  চিঠির পরিপ্রেক্ষিতে শনিবারের বৈঠক অনুষ্ঠিত হয়।

আব্দুল জলিল বলেন, সরকারের সাথে আলোচনার পাশাপাশি ১৪ দল সংস্কার প্রস্তাবের সমর্থনে আন্দোলন অব্যাহত রাখবে।

১৪ দলভুক্ত সংগঠনগুলোর নেতারা এ ব্যাপারে আলোচনার সিদ্ধান্ত নিয়েছেন এবং রোববারের বৈঠকের পর তারা সিদ্ধান্ত নেবেন বলে সূত্র জানায়।

সূত্র আরও জানিয়েছে, সংস্কারের ব্যাপারে প্রস্তাবিত কমিটির জন্য নাম পাঠানোর বিষয়ে রোববার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

অন্যদিকে সরকারের দেওয়া চিঠির পরিপ্রেক্ষিতে ১১ দল শনিবার সংস্কার ইস্যুতে গণফোরাম কার্যালয়ে একটি বৈঠক করে। গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএনপি মহাসচিব তার চিঠিতে ১০ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠনের প্রস্তাব করেছেন। তাদের পাঁচজন হবে ক্ষমতাসীন জোটের এবং অপর পাঁচজন বিরোধী দলের। ১০ সদস্যের এই কমিটি তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের বিষয়ে আলোচনা করবে।

চিঠিতে মান্নান ভূঁইয়া বলেন, সংসদ সদস্য নন, এমন ব্যক্তিকেও এই কমিটিতে রাখা যাবে এবং সংলাপের সময়সীমা ও অন্যান্য ব্যাপারে কমিটি সিদ্ধান্ত নেবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আগামী ১৯ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচির কথা উল্লেখ করে বলেন, ১৪ দলের অন্যান্য কর্মসূচি অব্যাহত থাকবে।

এর আগে গত ২০ মার্চ বিএনপি’র মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া দলের পক্ষ থেকে সংস্কার প্রস্তাবের ব্যাপারে সংলাপ অনুষ্ঠানের প্রস্তাব রেখে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিলের কাছে চিঠি পাঠান।

আব্দুল জলিল ২২ মার্চ তার চিঠির জবাব দেন। সেখানে তিনি কতগুলি অস্পষ্ট বিষয়ের পরিষ্কার ব্যাখ্যা দাবি করেন। বিশেষত চারটি বিষয়ের ওপর তিনি গুরুত্ব আরোপ করেন।

বিএনপি মহাসচিব মান্নান ভূঁইয়া নয়দিন পর আব্দুল জলিলের চিঠির জবাব প্রদান করেন।