২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০০৬ সালের ১ম কোয়ার্টারে শেয়ার বাজারে মূলধন কমেছে সাড়ে দশ বিলিয়ন টাকা

শেয়ার বাজারে দাম পতনের কারণে চলতি বছরের প্রথম কোয়ার্টারে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধনের পতন ঘটেছে ১০ দশমিক ৪৭ বিলিয়ন টাকা এবং আয় হয়েছে ১৮২ দশমিক ৮১ মিলিয়ন টাকা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2006, 08:44 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

ডিএসই’র বাণিজ্য পরিসংখ্যান থেকে জানা যায়, ডিএসই’তে ৩০ মার্চ পর্যন্ত মোট বাজার মূলধনের পরিমাণ গিয়ে দাঁড়ায় ২১৮ দশমিক ১০ বিলিয়ন টাকায়। অথচ ২০০৬ সালের ১ জানুয়ারিতে যখন চলতি বছরের বাণিজ্য শুরু হয় তখন বাজার মূলধন ছিল ২২৮ দশমিক ৫৭ বিলিয়ন টাকা।

২০০৫ সালের সর্বশেষ বাণিজ্য দিবসের সাধারণ সূচকের বিপরীতে চলতি বছরে জানুয়ারি--মার্চ সময়ে ডিএসই’র সাধারণ সূচকের পতন ঘটেছে ১৮৫ দশমিক ৫৮ পয়েন্ট বা ১১ দশমিক ০৭ শতাংশ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবু আহমেদ মূলধন বাজারের পতনের জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোতে ‘ফিক্সড ডিপোজিট রেট’ বৃদ্ধির বাজে প্রবণতাকে দায়ী করেছেন।

তিনি বিডিনিউজকে বলেন, মূলধন বাজার থেকে অর্থ ফিক্সড ডিপোজিট রেটে বের হয়ে যাচ্ছে। গড়ে ব্যাংকগুলো ফিক্সড ডিপোজিট রেটের ওপর ১২ শতাংশ সুদ দিচ্ছে।

তিনি বলেন, সরকার তালিকাভুক্ত কোম্পানিগুলোর জন্য কর্পোরেট কর হার হ্রাস করলে বাজারের অবস্থা আরো ভালো হতো। বহুজাতিক অথবা সেলফোন অপারেটরদের সেবা জনগণের কাছে যাওয়ার আগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উচিত তাদের ওপর অতিরিক্ত চার্জ ধার্য করা।

ডিএসই’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সালাহউদ্দিন আহমেদ ইতোপূর্বে বলেছিলেন, সেভিংস স্কিমে সুদের হার বৃদ্ধির কারণে বাজার মূলধনের পতন ঘটেছে।

সরকার ২০০৫ সালের ডিসেম্বরে বিভিন্ন সেভিংস স্কিমের ওপর সুদের হার দেড় শতাংশ পয়েন্ট বৃদ্ধি করে এবং পেনসন সেভিংস সার্টিফিকেটস ছাড়া এই স্কিমে বিনিয়োগ সীমানা দ্বিগুন করে।

গত তিন মাসে ডিএসই’র সকল শেয়ার মূল্যসূচক এবং ডিএসই--২০ যথাক্রমে ১০ শতাংশ ও ১১ দশমিক ৯৩ শতাংশ হ্রাস পেয়েছে।

এইমস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ইয়াভির সাঈদ বলেন, বিনিয়োগকারীদের অযৌক্তিত আচরণের কারণে বাজার মূলধনের পতন ঘটেছে। যদিও তালিকাভুক্ত কোম্পানিগুলো তুলনামূলক বেশি লভ্যাংশ দিচ্ছেন।

তিনি বলেন, প্রাইমারি বাজারে ত্র“টিপূর্ণ শেয়ার মূল্যব্যবস্থার কারণে প্রাইমারি ও সেকেন্ডারি বাজারের মধ্যকার ভারসাম্য নষ্ট হয়ে গেছে।

তিনি বলেন, বিনিয়োগকারীরা সহজ মুনাফার জন্য সেকেন্ডারি শেয়ার বাজার থেকে তহবিল প্রত্যাহার করে প্রাইমারি শেয়ার বাজারে বিনিয়োগ করে। বাজার পতনের জন্য রাজনৈতিক অনিশ্চয়তাও কম দায়ী নয় বলে তিনি মন্তব্য করেন।

ডিএসই’র সভাপতি আব্দুল্লাহ বোখারী বলেন, অনেক বিনিয়োগকারী ব্যাংকে তাদের ঋণের সাথে সমন্বয় করার জন্য শেয়ার বিক্রি করে দিচ্ছেন।