দেশের ২ কোটি মানুষ কিডনি রোগে ভুগছে
দেশের প্রায় দুই কোটি কিডনির বিভিন্ন রোগে ভুগছে এবং চিকিৎসা খরচ বেশি হওয়ায় তাদের প্রায় ৯৫ শতাংশই চিকিৎসা থেকে বঞ্চিত থেকে যাচ্ছে।
কিডনি বিশেষজ্ঞরা বৃহস্পতিবার ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেজ অ্যান্ড ইউরোলজি নিকডু’র সেবা সম্পর্কে জনগণকে অবহিত করতে নিকডু দিবস পালন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে উদ্বেগ প্রকাশ করে বলেন, তিনটি প্রতিরোধক ব্যবস্থার মাধ্যমে ৯৫ শতাংশ কিডনি রোগ থেকে মুক্ত থাকা যায়। নেফ্রাইটিস জাতীয় চর্মরোগ, ডায়াবেটিস এবং রক্তচাপ নিয়ন্ত্রণের মাধ্যমে অধিকাংশ কিডনি রোগ থেকে মুক্ত থাকা যায় বলে তারা অভিমত ব্যক্ত করেন।
বক্তারা বলেন, দেশে কিডনি বিশেষজ্ঞ, বিশেষ করে পর্যাপ্ত ইউরোলজিস্টের অভাব রয়েছে। এখানে প্রতি বিশ লাখের জন্য রয়েছে মাত্র তিনজন ইউরোলজিস্ট।
শেরেবাংলা নগরে নিকডু প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, নিকডুর কার্যক্রমের উন্নয়ন ঘটিয়ে চমৎকার একটি চিকিৎসা কেন্দ্রে রূপান্তরিত করা হবে।
সরকারের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কার্যক্রমের আওতায় শিগগিরই স্টাফ কোয়াটার, ডরমিটরি ও মিলনায়তন নির্মাণ করা হবে বলে মন্ত্রী আশ্বাস প্রদান করেন।
তিনি আরও বলেন, এ ইনস্টিটিউটে পোস্ট গ্রাজুয়েট কোর্স চালু করা হলে দেশে আরও কিডনি বিশেষজ্ঞ গড়ে তোলা সম্ভব হবে।
কিডনি রোগের ক্ষেত্রে প্রতিষেধকের চেয়ে প্রতিরোধ দশগুণ উত্তম বলে উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশের ৮৫ শতাংশ কিডনি রোগী ডায়ালাইসিসের খরচ বহন করতে অক্ষম।
নিকডু’র পরিচালক অধ্যাপক জাহাঙ্গীর কবির বলেন, হাসপাতালটি ৯৮ জন চিকিৎসক ও ১১৬ টি বেড নিয়ে ২০০৩ সালের ২৪ ডিসেম্বর যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে নেফ্রোলজি ও ইউরোলজিসহ প্রায় ৭০ শতাংশ কিডনি রোগী এ হাসপাতাল থেকে প্রতিদিন চিকিৎসা সেবা পাচ্ছে।
আলোচনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএসএমএমইউ'য়ের উপাচায় ও বিএমএ সভাপতি অধ্যাপক ড. এমএ হাদী, বিএমএ মহাপরিচালক ড. এজেডএম জাহিদ হোসেন এবং স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. খন্দকার শাফায়াতউল্লাহ।
