চট্টগ্রাম, রাজবাড়ি ও নারায়ণগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৯, আহত ৪০
চট্টগ্রাম, রাজবাড়ি ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্থানে গত ৪৮ ঘন্টায় চারটি পৃথক সড়ক দুর্ঘটনায়, নারী ও শিশুসহ নয় জন নিহত এবং ৪০ জন আহত হয়েছে।
বিডিনিউজ চট্টগ্রাম প্রতিনিধি জানান, জেলার সাতকানিয়া ও পুটিয়ায় বুধবার পৃথক সড়ক দুর্ঘটনায় মহিলা ও শিশুসহ চারজন নিহত ও পাঁচজন আহত হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রথম সড়ক দূর্ঘটনাটি ঘটে জেলার ফৌজদারহাটের কাছে ঢাকা - চট্টগ্রাম মহাসড়কে।
ভোরে একটি লোহার রড বোঝাই দ্রুতগামী ট্রাকের সাথে অপর একটি কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাভার্ড ভ্যানের চালক ও তার আত্মীয় জাহানারা বেগম ঘটনাস্থলেই নিহত হয় এবং অজ্ঞাত পরিচয় ট্রাকের হেল্পার চট্টগ্রাম মেডিক্যাল কলেজে (সিএমসিএইচ) মারা যায়।
আহতদের মধ্যে এনায়েতউল্লাহ ও বাদলকে সিএমসিএইচে ভর্তি করা হয়। অপর তিনজন বিভিন্ন ক্লিনিকে ভর্তি হয়েছে।
অপর ঘটনায় জেলার পুটিয়ার বিল্লাপাড়ায় দ্রুতগামী ট্রাকের চাপায় নিহত হয়েছে আট বছরের শিমু মমতাজ বেগম মনি। নিহত মনি তার এক আত্মীয়ের সাথে যানবাহনের জন্যে অপেক্ষা করছিল।
বিডিনিউজ রাজবাড়ী প্রতিনিধি জানান, জেলার দৌলতদিয়া-খুলনা মহাসড়কে রাজবাড়ীর বসন্তপুরের নিমতলা এলাকায় মঙ্গলবার রাতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে এক অজ্ঞাতনামা ব্যক্তিসহ তিনজন নিহত হয়েছে।
নিহতরা হলো - ঝিনাইদহের কালীগঞ্জের সিংগা গ্রামের সতিশ চন্দ্র বিশ্বাসের ছেলে মৃনাল কান্তি বিশ্বাষ (৪০) ও সাতক্ষীরা কুলাউড়ার উফাপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে কবির (৩২)।
রাজবাড়ী থানা সূত্র জানায়, রাত ১০টার দিকে পুরানো কাগজ বোঝাই একটি ট্রাক (খুলনা - ট - ৩৪৭৯) বিকল হয়ে নিমতলা রাস্তার এক পাশে দাড়িয়ে পড়ে। এসময় বরিশাল থেকে অপর একটি মাল বোঝাই ট্রাক (ঢাকা - ৬ - ৩৪৭৯) প্রচণ্ড বেগে বিকল ট্রাকটিকে ধাক্কা দিলে ট্রাকটি উল্টে খাদে পড়ে যায়। এ সময় বিকল ট্রাকে অবস্থানরত তিনজন ঘটনাস্থলেই নিহত হয়।
বিডিনিউজ নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, জেলার রূপগঞ্জ থানার ভুলতা-কাঞ্চন সড়কে পোনাব এলাকায় বুধবার সকালে একটি ট্রাক খাদে পড়ে গেলে আব্দুল খালেক (৪০) এবং সবুর (৫০) নামে দুইজন নিহত এবং ৩৫ জন আহত হয়।
এলাকাবাসী ও পুলিশ জানায়, ৪০ জন মাটি কাটা শ্রমিকসহ একটি ট্রাক পোনাব এলাকায় পৌঁছালে ট্রাকের সামনের দু’টি চাকা খুলে পার্শ্ববর্তী খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
আহতদেরকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
