২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী বৃহস্পতিবার হাতিয়া আসছেন

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বৃহস্পতিবার নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া সফরে আসছেন। তার আগমনকে কেন্দ্র করে উপজেলার সর্বত্র এখন সাজ সাজ রব। ইতোমধ্যে রাস্তায় শতাধিক তোরণ তৈরি করা হয়েছে। সরকারি অফিসগুলোর পরিষ্কার পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বর্ধন করা হয়েছে। পাশাপাশি জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। 

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2006, 08:59 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

হাতিয়া উপজেলা প্রশাসন সূত্র জানায়, দুপুরে প্রধানমন্ত্রী ঢাকা থেকে উপজেলার বুড়ির চর ইউনিয়নের সাগরিয়ায় নবনির্মিত হেলিপ্যাডে অবতরণ করবেন। সেখানে ২৪ কোটি টাকা ব্যয়ে নলচিরা--জাহাজমারা সড়ক পুনঃনির্মাণ কাজ উদ্বোধন করবেন। পরে তিনি শহীদ আলী আহাম্মদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

সফরকালে প্রধানমন্ত্রীর কাছে দ্বীপবাসীর দাবি, নদী ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।

এদিকে হাতিয়ার তিনদিকে নদী ভাঙন অব্যাহত থাকলেও দক্ষিণে জাগছে অসংখ্য নতুন চর। বিশেষজ্ঞদের ধারণা আগামী ১৫/২০ বছরের মধ্যে নতুন জেগে ওঠা চরের আয়তন হবে প্রায় দু’টি উপজেলার সমান। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি নিঝুম দ্বীপ ও জাহাজমারার মধ্যে প্রধানমন্ত্রীর প্রতিশ্র“তি ক্রস বাঁধ নির্মিত হলে অতি দ্রুত আরো ভূমি জেগে উঠবে এবং নিঝুম দ্বীপকে ঘিরে গড়ে উঠবে পর্যটন শিল্প।

এ অবস্থায় প্রধানমন্ত্রীর কাছে দ্বীপবাসীর প্রত্যাশা জাহাজমারা আইসি থানাকে পূর্ণাঙ্গ থানায় রূপ দিয়ে নতুন উপজেলা ঘোষণা। 

জোট সরকার ক্ষমতায় আসার পর হাতিয়ার বিদ্যুৎ ব্যবস্থা সম্প্রসারণ ও চারটি নতুন উৎপাদন মেশিন স্থাপন করা হলেও অতি অল্প সময়ের মধ্যে মেশিনগুলো বিকল হয়ে যায়। দ্বীপবাসীর দাবি, হাতিয়া বিদ্যুৎ কেন্দ্রের অনিয়ম অব্যবস্থাপনা দূর করে নুতন আরো চারটি ইঞ্জিন সংযোগ করে বিদ্যুৎ ব্যবস্থা সচল রাখা।