খুলনায় শতাধিক হোটেল-রেস্তোরাঁর খাবার পানিতে ব্যাকটেরিয়া
খুলনা মহানগরীর শতাধিক হোটেল-রেস্তোরাঁর খাবার পানিতে ব্যাকটেরিয়া ক্যালিফর্মের সন্ধান পাওয়া গেছে। ক্যালিফর্মযুক্ত এ সকল পানি পান করে নগরবাসীসহ সাধারণ মানুষ বিভিন্ন পেটের পীড়ায় ভুগছে।
পরিবেশ অধিদপ্তর ইতেমধ্যে প্রায় শতাধিক হেটেল--রেস্তোরাঁর পানি পরীক্ষা করে ৬০ টি হোটেলের মালিকদের কাছে চিঠি দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছে। পরিবেশ অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা যায়।
সংশ্লিষ্ট সূত্রমতে, ১০০ মিলিলিটার পানিতে জীবাণুযুক্ত ব্যাকটেরিয়া পাওয়া গেলে সেই পানিকে ক্যালিফর্মযুক্ত পানি বলা হয়। ক্যালিফমর্যুক্ত পানি পান করা মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই পানি পান করলে কলেরা, ডায়রিয়া, আমাশয়, অজীর্ণসহ বিভিন্ন ধরনের পেটের পীড়া হতে পারে। দীর্ঘ দিন ধরে ক্যালিফর্মযুক্ত পানি পান করলে লিভারের বিভিন্ন রোগসহ জন্ডিস হওয়ার আশঙ্কা রয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করেন।
সূত্র আরও জানায়, অনেক নামিদামি হোটেল--রেস্তোরাঁয় পানির রিজার্ভ ট্যাংকি দীর্ঘদিন যাবৎ পরিষ্কার না করা, রান্না ঘর, খাবার পরিষ্কারের স্থান নিয়মিত পরিষ্কার না রাখার কারণে পানিতে ক্যালিফর্ম জন্ম নেয়। পানিতে যাতে ক্যালিফর্ম জন্ম গ্রহণ করতে না পারে তা দেখার দায়িত্ব সিটি কর্পোরেশনের স্যানিটেশন বিভাগ এবং পরিবেশ অধিদপ্তরের।
সিটি কর্পোরেশনের স্যানিটেশন বিভাগের পরিদর্শকরা নিয়মিতভাবে হোটেল রেস্তোরা পরিদর্শন করেন না বলে পরিবেশ অধিদপ্তর থেকে অভিযোগ করা হয়।
পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে হোটেল--রেস্তোরাঁয় অভিযান চালালে কেসিসি’র স্যানিটেশন বিভাগ প্রতিবন্ধকতা সৃষ্টি করে বলে অভিযোগ করা হয়।
তবে কেসিসির জনৈক পরিদর্শক নাম প্রকাশ না করার শর্তে বলেন, অভিযোগ সঠিক নয়। কারো কাজে বাধা দেয়ার প্রশ্নই আসে না। সমন্বয়হীনতার কারণে হোটেল--রেস্তোরাঁগুলোতে ক্যালিফর্মযুক্ত পানিকে স্বাভাবিক বিশুদ্ধ অবস্থায় আনা সম্ভব হচ্ছে না।
সংশ্লিষ্ট সূত্র জানায়, খুলনা মহানগরীতে যে সব হোটেলে ক্যালিফর্মযুক্ত দূষণীয় পানি পাওয়া গেছে সেগুলো সান ফ্লাওয়ার বিরিয়ানী হাউস, মদিনা হোটেল, অতিথি, ডিলাক্স, অপ্যায়ন, দৌলতপুরের শামীম হোটেল, বরিশাল মিষ্টান্ন ভাণ্ডার, তৃষ্ণা সুইটস, মেসার্স শরীফ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টসহ প্রায় ৬০ টি হোটেল-রেস্তোরাঁ। এসব হোটেল-রেস্তোরাঁয় ইতোমধ্যে চিঠি দেয়া হয়েছে ।
তবে কোনও ব্যবস্থা নেয়া হয়েছে বা হচ্ছে কিনা সে ব্যাপারে পরিষ্কার কোনও মন্তব্য করা থেকে বিরত থাকে পরিবেশ অধিদপ্তর। একজন কর্মকর্তা অবশ্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, খুব শিগগিরই এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।
