শান্তা নির্যাতন মামলা: সরকারের প্রতি হাইকোর্টের রুল
পুলিশের নির্যাতনের শিকার শাহীন সুলতানা শান্তার নির্যাতন মামলায় হাইকোর্ট মঙ্গলবার সরকারের বিরুদ্ধে রুল নিশি জারি করেছে। সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে কেন অপরাধ আইন ও বিভাগীয় বিধান অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে না, তা জানতে চেয়ে সরকারকে দু’ সপ্তাহের মধ্যে কারণ দর্শাতে বলেছে হাইকোর্ট।
গত ১২ মার্চ বিরোধী দল আয়োজিত নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি চলাকালে শান্তা পুলিশি নির্যাতনের শিকার হন।
হাইকোর্টের রায়ে বিচার বিভাগীয় তদন্ত ছাড়া অ্যাড. শান্তাকে কোনো অবস্থাতেই গ্রেপ্তার বা হয়রানি করা যাবে না বলেও সরকারের প্রতি আদেশ জারি করেছে।
অ্যাড. শাহীন সুলতানা শান্তার দায়ের করা একটি রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি আওলাদ আলী ও বিচারপতি জিনাত আরার সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ প্রদান করেন। আদেশে আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে বলা হয়, আদালতের আদেশ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কোনো অবস্থায়ই অ্যাড. শান্তা ও তার পরিবারের সদ্যদের গ্রেপ্তার, হয়রানি কিংবা অপমান করতে পারবে না এবং তাদের বাসস্থানের ভেতরে প্রবেশ করতে পারবে না।
বাদীর সাথে পুলিশের অমানবিক ও নিষ্ঠুর আচরণকে আদালত কেন সংবিধান, পিআরবি (পুলিশ রেগুলেশন অব বেঙ্গল) ও সংশ্লিষ্ট অন্যান্য আইনের লঙ্ঘন বলে আদেশ দেবে না, সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কারণ দর্শানোর আদেশ দিয়েছে হাইকোর্ট।
এছাড়া হাইকোর্ট মিথ্যা মামলাসহ অন্যান্য উপায়ে বাদীকে গ্রেপ্তার বা হয়রানি করা হবে না, এই মর্মে কেন নিশ্চয়তা প্রদান করা হবে না, সে ব্যাপারেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কারণ দর্শাতে বলেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, মহা পুলিশ পরিদর্শক, ডেপুটি পুলিশ কমিশনার মাজহারুল হক ও কোহিনূর মিয়া এবং ধানমণ্ডি ও মোহাম্মদপুর থানার ওসি’র প্রতি এ আদেশ জারি করা হয়।
গত ২২ মার্চ ঢাকা সিএমএম আদালতে শান্তার বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। মামলায় শান্তা ও তার স্বামী অ্যাড. আতিউর রহমানের বিরুদ্ধে চাঁদা আদায় ও চুরির অভিযোগ আনা হয়।
ওই দুটি মামলায় ২৩ মার্চ হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ তাদের অন্তবর্তীকালীন জামিন প্রদান করে।
ড. শিরিন শারমিন চৌধুরী, ব্যারিস্টার শামসুল এবং ব্যারিস্টার তানিয়া আমির বাদীর পক্ষে মামলা পরিচালনা করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল বাসেত।
