২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে বাংলাদেশের ভূমিকা তুলে ধরবেন শমসের মবিন চৌধুরী

দেশব্যাপী জঙ্গি তৎপরতার কারণে মারাত্মকভাবে ব্যহত জাতীয় ভাবমূর্তি পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2006, 06:08 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শমসের মবিন চৌধুরী এ লক্ষ্যে আগামী ৩ এপ্রিল সোমবার ওয়াশিংটন ডিসি'তে সেদেমের জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ ব্যাপারে বিডিনিউজকে জানান, সম্মেলনে বিশ্বব্যাপী সন্ত্রাসবিরোধী যুদ্ধে মুসলিম অধ্যুষিত দেশ বাংলাদেশের ভূমিকার ব্যাপারে শমসের মবিন চৌধুরী আলোকপাত করবেন।

এছাড়া তিনি ওই সম্মেলনে জঙ্গিদের বিরুদ্ধে সরকারের গৃহীত পদক্ষেপ এবং জেএমবি প্রধান শায়খ আব্দুর রহমানসহ শীর্ষস্থানীয় জঙ্গিদের গ্রেফতারে সরকারের সফলতার বিষয়টিও তিনি তুলে ধরবেন।

শমসের মবিন চৌধুরী মার্কিন গণমাধ্যমগুলোর কাছে বাংলাদেশের নারীপুরুষের সমান অধিকার, ১৯৯১ সাল থেকে অব্যাহতভাবে নারী প্রধানমন্ত্রী কর্তৃক দেশ পরিচালনাসহ অন্যান্য অর্জনের বিষয়গুলোও তুলে ধরবেন।

জঙ্গিদের বিরুদ্ধে সরকারের সাফল্য বিশ্বের শীর্ষস্থানীয় গণমাধ্যমে তুলে ধরতে বিদেশি সাংবাদিকদের আমন্ত্রণ জানানোর মাধ্যমে সরকার দেশের বাইরে ভাবমূর্তি ফিরে পেতে কৌশল পরিবর্তন করেছে বলেও সূত্র জানায়।

ভাবমূর্তি পুনরুদ্ধারে গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে সরকার টাইম ম্যাগাজিনের অ্যালেক্স পেরি'কে গত সপ্তাহে বাংলাদেশে আমন্ত্রণ জানায়। পেরি প্রধানমন্ত্রী খালেদা জিয়ার একটি সাক্ষাৎকার নিয়েছেন।

একই সময়ে বেশকিছু ওয়েবসাইটে জঙ্গি প্রতিরোধে সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে তথ্য সরবরাহ করা হয়েছে।