ইডেন কলেজে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবী জানিয়েছে সম্মিলিত নারী সমাজ
ইডেন কলেজসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে সিট বানিজ্য বন্ধ এবং ইডেন কলেজে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবী জানিয়েছে সম্মিলিত নারী সমাজ।
মঙ্গলবার ‘কর্মজীবী নারী’ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সম্মিলিত নারী সমাজের বক্তারা এ দাবী জানান।
সংবাদ সম্মেলনে মূল বক্তব্য পাঠ করেন নারী নেত্রী শিরীন আখতার।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ইডেন কলেজে ছাত্রী সংখ্যার তুলনায় সিট সংখ্যা খুবই স্বল্প। ফলে এখানে ভর্তির পর সিট পাওয়া বিরাট ব্যাপার। আর এ অবস্থাকে কাজে লাগায় ক্ষমতাসীন সংগঠনের কর্মীরা। বিগত সরকারের আমলেও ইডেন কলেজে ছাত্রীদের ওপর হামলা হয়েছিলো। এখানে কর্তৃপক্ষ মেধার ভিত্তিতে সিট বন্টনের নিয়মকে তোয়াক্কা না করে সরকারকে খুশী রাখার জন্যে সরকারি দলের ছাত্রসংগঠনকে সিট বানিজ্যের মতো অপকর্মের প্রশ্রয় দেয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সম্মিলিত নারী সমাজের নেত্রী হাজেরা সুলতানা, আফরোজা হক রিনা, তাহেরা বেগম জলি, আরিফা আক্তার অনু, জাহানারা বেগম, অ্যাডভোকেট জোহরা পারভীন প্রমুখ।
সংবাদ সম্মেলনে নারী নেত্রীরা ইডেন কলেজ প্রশাসন ও অধ্যক্ষার আচরণের তীব্র নিন্দা জানান। এছ্ড়াা কলেজের হল থেকে উচ্ছেদকৃত বৈধ ছাত্রীদের সিট ফিরিয়ে দেওয়া, সাধারণ ছাত্রীদের ওপর হামলাকারী ছাত্রদল নেত্রীদের বহিস্কার, অপসারিত অধ্যক্ষ্যকে ফিরিয়ে আনার চক্রান্ত বন্ধ, আবাসন সংকট নিরসন করে হোস্টেল সংখ্যা বাড়ানো এবং মেধার ভিত্তিতে সিট বন্টন, ইউনেস্কোর সুপারিশ অনুযায়ী শিক্ষাখাতে জাতীয় আয়ের আট শতাংশ বরাদ্দের দাবী জানান।
