বিচার আদালতে আত্মসমর্পণ করতে ডা. সোহরাবুজ্জামানকে হাইকোর্টের নির্দেশ
হাইকোর্ট সোমবার রাজধানীর ল্যাব এইড হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এপিএম সোহরাবুজ্জামানকে তার স্ত্রী ব্যাংক কর্মকর্তা নুরুন নাহারের আত্মহত্যার প্রেক্ষিতে দায়েরকৃত মামলায় জামিনের জন্যে বিচার আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন।
বিচারপতি এসকে সিনহা এবং বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর সমন্বয়ে গড়া হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ মামলায় জামিনের জন্যে দাখিল করা পিটিশনটি নাকচ করে দেন।
হাইকোর্টের একই বেঞ্চের সামনে ডা. সোহরাবুজ্জামান ৫ ফেব্র“য়ারি সশরীরে হাজির হয়েছিলেন। দায়েরকৃত মামলার অভিযোগপত্র পুলিশ প্রদান করার আগে হাইকোর্ট তাকে ঢাকার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল--৪ আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছিলেন।
পুলিশ ১১ মার্চ অভিযোগপত্র প্রদান করলেও ডা. সোহরাবুজ্জামান বিচার আদালতে আত্মসমর্পণ করেননি।
তিনি সোমবার আবার একই বেঞ্চের সামনে হাজির হয়ে জামিনের আবেদন জানান। আদালতের আগে দেওয়া আদেশ মান্য করতে হাইকোর্ট ডা. সোহরাবুজ্জামানের প্রতি নির্দেশ দেন।
প্রিমিয়ার ব্যাংকের গুলশান শাখার নির্বাহী কর্মকর্তা নুরুন নাহার ৪ ফেব্র“য়ারি ল্যাব এইড হাসপাতালে মারা যান।
নিহতের বড় ভাই গোলাম রব্বানি ২৮ ফেব্র“য়ারি মোহাম্মদপুর পুলিশ স্টেশনে একটি মামলা দায়ের করেন। নুরুন নাহারকে আত্মহত্যা করতে প্ররোচণার অভিযোগে ডা. সোহরাবুজ্জামানকে আসামি করে মামলাটি দায়ের করা হয়।
ব্যারিস্টার এম আমিরুল ইসলাম এবং অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু আসামির পক্ষে এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল রাষ্ট্র পক্ষে আদালতে মামলা পরিচালনা করেন।
