২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এপ্রিলে ঢাকায় ২ দিনব্যাপী চাকরি মেলা

১ এপ্রিল থেকে ঢাকায় দু’দিনব্যাপী চাকরি মেলা শুরু হচ্ছে। ইনপেস ম্যানেজমেন্ট সার্ভিস লি. নগরীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘স্কাইডিবি জব ফেয়ার ২০০৬’ শীর্ষক এই মেলার আয়োজন করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2006, 06:17 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

এ উপলক্ষ্যে সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, বর্তমান চাকরি বাজারে চাকরি খোঁজা ও প্রদানের জটিল প্রক্রিয়াকে সহজ করার জন্য তারা এই মেলার উদ্যোগ নিয়েছেন। এটি চাকরি সন্ধানকারী এবং প্রদানকারীদের সহজ যোগাযোগের একটি ক্ষেত্র তৈরি করবে।   

সংবাদ সম্মেলনে ইনপেস এর ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুল আহসান বলেন, সকল ধরনের চাকরি প্রার্থীর সাথে ইন্ডাষ্ট্রি তথা চাকরিদাতা প্রতিষ্ঠানগুলোর সংযোগ স্থাপনের জন্যই এই মেলার আয়োজন।

মেলার টাইটেল স্পন্সর স্কাইবিডি’র প্রধান নির্বাহী কর্মকর্তা শোয়েব চৌধুরী এসময় বক্তব্য রাখেন। তিনি বলেন, দেশে শিক্ষিত বেকারের সংখ্যা দিনে দিনে বাড়ছে। আশা করছি এই মেলা কিছুটা হলেও বেকারদের কাজ খুঁজে পেতে সহায়তা করবে। 

সংশ্লিষ্ট সুত্র জানায়, মেলা ভেন্যুতে সাইবার জোন ও বিজনেস সেন্টার থাকবে যেখানে স্ক্যানিং, প্রিন্টিং সুবিধা পাওয়া যাবে। অন স্পট চাকরি ইন্টারভিউ’র জন্য আলাদা দুটি রুমের ব্যবস্থাও থাকবে। 

জব ফেয়ারের মিডিয়া পার্টনার থাকবে চ্যানেল ওয়ান, দ্য নিউএজ ও দৈনিক সমকাল।

সংবাদ সম্মেলনে চ্যানেল ওয়ান এর হেড অফ মার্কেটিং সারোয়ার এনাম ও দৈনিক সমকালের মার্কেটিং ম্যানেজার মো. ইউসুফ মামুন উপস্থিত ছিলেন।  

শীর্ষস্থানীয় ২৫ টি প্রতিষ্ঠান এই মেলায় অংশ নেবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন। ০১ ও ০২ এপ্রিল সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। www.jobfair-imsl.com ওয়েব সাইটে মেলা সম্পর্কিত বিস্তারিত তথ্য পাওয়া যাবে।