হাঁসকে আহত করার ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রামে যুবক খুন
একটি পাতিহাঁসকে আহত করার ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রামে এক যুবককে জীবন দিতে হয়েছে। জেলার সাতকানিয়া থানায় শুক্রবার ঘটনাটি ঘটে।
নিহত যুবকের নাম মোহাম্মদ ইমরান (২৪)। সে পাতিহাঁসটির মালিক। তার বাড়ি একই থানার চরখাগরিয়ায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, পুকুরে সাঁতার কাটা অবস্থায় একটি পাতিহাঁসকে পাথর নিক্ষেপের মাধ্যমে আহত করার ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার ইমরান ও তার প্রতিবেশী মোহাম্মদ আলীর মধ্যে কথাকাটি হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যায় মোহাম্মদ আলী ইমরানকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় সেদিন সন্ধ্যায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সকাল ১১টায় সে মারা যায়।
